স্পেনের জাতীয় দিবস উপলক্ষে দেশটির রাজা ষষ্ঠ ফিলিপকে শুভেচ্ছাপত্র দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রুর হাতে তিনি শুভেচ্ছাপত্রটি তুলে দেন।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শেরাটন ঢাকা হোটেলের গ্র্যান্ড বলরুমে স্পেনের দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ শুভেচ্ছাপত্র হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
শুভেচ্ছাপত্রে ডা. শফিকুর রহমান স্পেনের জাতীয় দিবস উপলক্ষে দেশটির রাজা, রাজপরিবার, সরকার ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি স্পেনের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
চিঠিতে বাংলাদেশ ও স্পেনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, সংস্কৃতি, শিক্ষা, অভিবাসন, পর্যটন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা তুলে ধরা হয়। এতে স্পেনে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অবদানের কথাও উল্লেখ করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও মোবারক হোসাইন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
