চুল কাটার বিষয় নিয়ে শাসন কারায় শিক্ষকের মাথায় কলম ঢুকিয়ে দিলো ছাত্র। এ ঘটনায় ওই ছাত্রকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে। পরে রক্তাক্ত শিক্ষকের মাথার বাম পাশে ব্যান্ডেজ করা হয়।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের রাউজান সরকারি আরআরএসি মডেল উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। বহিষ্কৃত শিক্ষার্থী মোহাম্মদ ইউসুফ নবম শ্রেণির ভোকেশনাল ইলেকট্রিক বিভাগের ছাত্র।
আহত বিদ্যালয়ের কারিগরি শাখার টেকনিক্যাল শিক্ষক সুচরিৎ চৌধুরীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার মাথার বাম পাশে কলমের নিপ ঢুকিয়ে দেওয়া হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্ত কমিটির প্রতিবেদন ও শৃঙ্খলা কমিটির সুপারিশ পর্যালোচনা করে ইউসুফকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, সে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বিরত থাকবে এবং ক্যাম্পাসে প্রবেশ না করার পাশাপাশি বিদ্যালয়ের আশপাশে ঘোরাফেরাও করতে পারবে না।
জানা গেছে, ইউসুফ বেশ কিছুদিন ধরে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকত না। স্কুলে দেরিতে আসা এবং পরীক্ষার সময় অনিয়মিত থাকার বিষয়েও অভিযোগ ছিল। এর মধ্যে চুল কাটা নিয়ে শিক্ষক তাকে শাসন করলে ক্ষুব্ধ হয়ে কলম দিয়ে ওই শিক্ষকের মাথায় আঘাত করে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। শিক্ষককে আঘাতের ঘটনায় নিন্দা জানিয়ে তারা সুষ্ঠু তদন্ত ও যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এনএইচ/ডিজে
