নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বিএনপি নেতা শাহাদাত হোসেনকে এবার একই করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মেয়র হিসাবে মেয়াদ শেষ হওয়ার ৮ মাস পর তাঁকে সেই পদ থেকে সরিয়ে প্রশাসক হিসেবে পদায়ন করা হলো।
আজ রোববার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে তাঁকে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে গত মার্চেও শাহাদাত হোসেনকে প্রশাসক হিসেবে নিয়োগের প্রস্তাব তৈরি করেছিল স্থানীয় সরকার বিভাগ। তবে তখন আদেশ জারি হয়নি। নির্বাচিত পরিষদের মেয়াদ শেষ হওয়া এবং মেয়র পদে তাঁর দায়িত্ব পালন নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার মধ্যে এবার তাঁকে প্রশাসক নিয়োগ দেওয়া হলো।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব জুয়েল রানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৬-এর ধারা ৪ অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শাহাদাত হোসেন প্রশাসকের দায়িত্ব পালন করবেন। এ জন্য তিনি বিধি মোতাবেক মাসিক সম্মানী ও অন্যান্য ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
তথ্যমতে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২০২১ সালে নির্বাচিত পরিষদের প্রথম সভা হয়েছিল ওই বছরের ২৩ ফেব্রুয়ারি। সে হিসাবে পরিষদের পাঁচ বছরের মেয়াদ চলতি বছরের ২২ ফেব্রুয়ারি শেষ হয়েছে।
তবে সাবেক মেয়র শাহাদাত হোসেন আদালতের আদেশে তাঁর মেয়াদ ২০২৯ সালের নভেম্বর পর্যন্ত বলে দাবি করে আসছিলেন এত দিন।
২০২৪ সালের ৮ অক্টোবর শাহাদাতকে চট্টগ্রাম সিটির মেয়র ঘোষণা করে প্রজ্ঞাপন প্রকাশ করে নির্বাচন কমিশন।
