শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর পল্টন এলাকায় বিভিন্ন মন্দির পরিদর্শন করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, শান্তিপূর্ণ পরিবেশ এবং নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপন নিশ্চিত করতে তিনি মন্দিরগুলো পরিদর্শন করেন।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে তিনি পল্টন এলাকার বিভিন্ন মন্দির পরিদর্শনে যান।
এ সময় তিনি মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। মন্দিরগুলোর নিরাপত্তাব্যবস্থা ও পূজা উদযাপনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
পরিদর্শনকালে ডিএসসিসি প্রশাসক পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। ধর্মীয় উৎসব যেন শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপন করা যায়, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
এ সময় মন্দিরগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন আবদুস সালাম। পূজামণ্ডপগুলোতে শৃঙ্খলা বজায় রাখা এবং দর্শনার্থীদের নিরাপদে পূজা উদযাপনের পরিবেশ নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
পূজা উপলক্ষে নগরীর মন্দিরগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ধর্মীয় সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন ডিএসসিসি প্রশাসক।
এএসএস/ এনটি
