প্রকাশিত: ১৮:৫২, ১৩ অক্টোবর ২০২৬ আপডেট: ১৮:৫৮, ১৩ অক্টোবর ২০২৬
জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সামনেও আন্দোলন করছেন শিক্ষার্থীরা
বদলির আদেশ প্রত্যাহার ও নতুন ইন্সট্রাক্টর ইনচার্জের যোগদান ঠেকানোর দাবিতে জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজে তালা ঝুলিয়ে অনির্দিষ্টকালের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এতে কলেজের ক্লাস ও হাসপাতালে ক্লিনিক্যাল প্র্যাকটিস বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে কলেজের একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের এক আদেশে কলেজটির নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ শাহজাদী মাহমুদাকে শেরপুর নার্সিং ইনস্টিটিউটে এবং সেখানকার ইন্সট্রাক্টর ইনচার্জ মাকসুদা ইয়াসমিনকে জামালপুরে বদলি করা হয়। এ আদেশের প্রতিবাদে সোমবার রাত থেকে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, শেরপুরে দায়িত্ব পালনকালে মাকসুদা ইয়াসমিন বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িত ছিলেন। তার আচরণও শিক্ষার্থীবান্ধব নয়। তাই তাকে জামালপুর কলেজে যোগ দিতে দিতে চান না তারা।
শিক্ষার্থী আরিফা বলেন, শেরপুরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকায় তারা মাকসুদা ইয়াসমিনকে তাদের কলেজে দেখতে চান না। শাহজাদী মাহমুদার বদলির আদেশ প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে।
তুলি নামের আরেক শিক্ষার্থী জানান, একই দাবিতে কলেজের শিক্ষার্থীরা ঢাকায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সামনেও আন্দোলন করছেন।
এ বিষয়ে শাহজাদী মাহমুদা বলেন, শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টরকে বদলির দাবিতে সেখানকার শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন। হঠাৎ তাঁকে জামালপুরে এবং তাঁকে শেরপুরে বদলি করা হয়েছে। এ আদেশ প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন।
