ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, প্রচার-প্রচারণায় বাধা প্রদান এবং দলীয় ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন। গতকাল শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তোলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দেলাওয়ার হোসেন অভিযোগ করেন, সদর উপজেলাসহ নির্বাচনি এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ ও প্রচারণায় অংশ নিতে গিয়ে তিনি বাধার সম্মুখীন হচ্ছেন। বিএনপির যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা এই বাধাদানের ঘটনায় জড়িত বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, নির্বাচনি এলাকার বিভিন্ন পয়েন্টে জামায়াতে ইসলামীর টাঙানো ফেস্টুন ও ব্যানার প্রকাশ্যে ছিঁড়ে ফেলা হচ্ছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের প্রচার-প্রচারণায় নামলে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করা হচ্ছে। এসব অভিযোগের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের কাছে একাধিকবার লিখিত অভিযোগ জমা দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান প্রতিকার পাওয়া যায়নি।
হুঁশিয়ারি দিয়ে দেলাওয়ার হোসেন বলেন, ঠাকুরগাঁওয়ে অতীতের মাগুরা মার্কা নির্বাচনের মতো কোনো প্রহসন করা হলে তা সাধারণ ভোটাররা কোনোভাবেই মেনে নেবেন না।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আব্দুল হালিম, জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জেলা সেক্রেটারি আলমগীর হোসেনসহ জেলা ও উপজেলার শীর্ষ নেতারা।