বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও ঢাকা-৪ এবং ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
পরবর্তী সময়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় এবং রাজধানীর শ্যামপুরের লাল মসজিদে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে জুরাইন কবরস্থানে বাবার কবরের পাশে তাঁর মরদেহ দাফন করা হবে।
এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালাহউদ্দিন আহমেদ। পরে হাসপাতাল থেকে তাঁর মরদেহ শ্যামপুরের বাসায় নেওয়া হয়।
এদিকে, সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে শ্যামপুরের বাসায় যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। দলের জ্যেষ্ঠ এই নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানানো এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতেই তিনি সেখানে যান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, বুধবার দুপুর ১টা ৩০ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় শ্যামপুরের লাল মসজিদে তৃতীয় জানাজা শেষে জুরাইন কবরস্থানে বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হবে।
সালাহউদ্দিন আহমেদ ঢাকা-৪ ও ঢাকা-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দলটির বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও তিনি ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
The post বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন appeared first on ভোরের চেতনা.
