সংবাদ · সাধারণ
প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
১৩/১০/২০২৬

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্নাকে হত্যার দায়ে জিতেশ চন্দ্র গোপ নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া মরদেহ গুমের চেষ্টার অপরাধে তাকে আরও ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (১৩ অক্টোবর) সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ মুহাম্মদ হাবিবুল্লাহ এই রায় দেন।রায়ের আদেশে বলা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকরের আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমোদন প্রয়োজন হবে। অনুমোদন না পাওয়া পর্যন্ত দণ্ডপ্রাপ্ত আসামিকে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না। তাকে কারাগারের নির্ধারিত সেলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০২২ সালের ফেব্রুয়ারিতে জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্না খুন হন। এ ঘটনায় হত্যা ও অপরাধের আলামত গোপনের অভিযোগে জিতেশ চন্দ্র গোপকে আসামি করে মামলা করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত মঙ্গলবার (১৩ অক্টোবর) এই রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্ত জিতেশ চন্দ্র গোপের বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলায়। তিনি জগন্নাথপুরের একটি মার্কেটে অবস্থান করতেন।মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পিপি অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম। রায়ের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিচারিক ও কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗