একসময় পর্দায় সাহসী উপস্থিতি আর ব্যতিক্রমী অভিনয়ে ঝড় তুলেছিল ‘দ্য ডার্টি পিকচার’। বিদ্যা বালানের সেই আলোচিত চরিত্র আজও দর্শকের মনে দাগ কেটে আছে। এবার সেই সিনেমার গল্প আবারও পর্দায় ফেরানোর উদ্যোগ নিয়েছেন প্রযোজক একতা কাপুর।
দীর্ঘ দেড় যুগ পর ছবিটির দ্বিতীয় কিস্তি নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তিনি। আর এতেই নতুন করে আলোচনায় এসেছে বলিউডের বহুল চর্চিত সিনেমাটি।
২০১১ সালে মুক্তি পাওয়া ‘দ্য ডার্টি পিকচার’ দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সিল্ক স্মিতার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছিল। সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ান বিদ্যা বালান। পর্দায় সাহসী ও প্রচলিত ধারণার বাইরে থাকা এক নারীর জীবনযাপন তুলে ধরে ছবিটি বলিউডে আলাদা জায়গা করে নেয়।
প্রথম কিস্তির সাফল্য ও সিল্ক স্মিতার জীবনদর্শন স্মরণ করে একতা কাপুর বলেন, সমাজ যাকে কোণঠাসা করে রাখতে চেয়েছিল, সেই নারীকে তিনি নিজের শর্তে বাঁচতে দেখেছেন। সিল্ক সবসময় নিজের সত্তাকে উদ্যাপন করতেন। চরিত্রটির এই স্বতন্ত্র মানসিকতাই সিনেমাটিকে বিশেষ করে তুলেছিল।
দ্য ডার্টি পিকচারের পোষ্টার
মূল ছবিতে বিদ্যা বালানের পাশাপাশি অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন শাহ, ইমরান হাশমি ও তুষার কাপুর। তাদের অভিনয়ও সিনেমাটির জনপ্রিয়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তবে সিক্যুয়েলের ঘোষণা এলেও এখন পর্যন্ত নতুন কিস্তিতে কারা অভিনয় করবেন, গল্পের প্রেক্ষাপট কী হবে কিংবা কবে সিনেমাটি মুক্তি পাবে এসব বিষয়ে বিস্তারিত জানা যায়নি। বিদ্যা বালান আবারও সিল্ক স্মিতার মতো কোনো চরিত্রে ফিরবেন কি না, তা নিয়েও দর্শকের কৌতূহল তৈরি হতে পারে।
