Published on
:
1 min read
এই সময়, আলিপুরদুয়ার: সপ্তমীর সকালে আঁধার নেমে এলো কালচিনি ব্লকের ভার্নোবাড়ি চা বাগানে। শুক্রবার রাতে নোটিস না দিয়ে বাগান ছেড়ে চলে যায় ম্যানেজমেন্ট। তাতেই অনিশ্চিত হয়ে পড়েছে ওই চা বাগানের ১৩০০ শ্রমিক কর্মচারীর ভবিষ্যৎ। অভিযোগ, ওই বাগানের স্থায়ী শ্রমিকদের ২০ শতাংশ হারে বোনাস দেওয়া হলেও, বাগানের সাব স্টাফ, স্টাফ ও অস্থায়ী শ্রমিক মিলিয়ে ৪০০ জনকে বোনাস দেওয়া হয়নি।
রাজ্য সরকারের অ্যাভাইজরি মেনে বোনাস না দেওয়ার অভিযোগে মাদারিহাটের তিনটি চা বাগানের ম্যানেজার গ্রেপ্তার হওয়ার পরেই আতঙ্ক ছড়ায় ভার্নোবাড়ি চা বাগানের ম্যানেজমেন্টের মধ্যে। গ্রেপ্তারি এড়াতেই ম্যানেজমেন্ট বাগান ছেড়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
অন্যদিকে, বোনাস না দিয়ে শ্রমিকদের সঙ্গে প্রতারণার অভিযোগে পুলিশ শুক্রবার গভীর রাতে মাদারিহাটের আরও দুটি চা বাগানের ম্যানেজারকে গ্রেপ্তার করেছে। ধৃতরা হলেন তুলসীপাড়া চা বাগানের ম্যানেজার দীনেশ চৌবে ও বীরপাড়া চা বাগানের ম্যানেজার সোমনাথ ঘোষ।
এ নিয়ে বোনাস না দেওয়ায় পুলিশ মাদারিহাটের পাঁচটি চা বাগানের ম্যানেজারকে গ্রেপ্তার করল। সবক’টি বাগানই মেরিকো কোম্পানির অধীনে। জেলার পুলিশ সুপার অমিতকুমার শাহ বলেন, ‘বোনাস না দিয়ে শ্রমিকদের সঙ্গে প্রতারণার অভিযোগে মাদারিহাটের পাঁচটি বাগানের ম্যানেজারদের গ্রেপ্তার করা হয়েছে।’ যদিও ঘটনা নিয়ে মেরিকোর ডিরেক্টর সুরজিৎ বক্সির কোনও প্রতিক্রিয়া মেলেনি।
