শিক্ষার অর্জনের পাশাপাশি নৈতিকতার চর্চা অত্যন্ত জরুরি, অন্যথায় কেবল সনদ সর্বস্ব শিক্ষা সমাজের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজের বার্ষিক নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ মন্তব্য করেন।
এ্যানি বলেন, শিক্ষা কেবল পাঠ্যবই ও প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি মানুষের চিন্তাশক্তিকে প্রসারিত করে। সত্য-মিথ্যার পার্থক্য এবং তথ্যের অপপ্রচার চেনার ক্ষমতা জোগায় শিক্ষা। তবে সেই শিক্ষাকে মানবকল্যাণে ব্যবহার করার চিন্তাটি আসে নৈতিকতা থেকে। নৈতিকতাহীন শিক্ষা বহু ক্ষেত্রে বিপজ্জনক রূপ নিতে পারে।
শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে পড়ালেখার পাশাপাশি নৈতিকতা বজায় রাখা, সমাজের প্রতি দায়িত্বশীল হওয়া এবং মানবকল্যাণে নিজেকে নিবেদিত করার মনোভঙ্গি গড়ে তুলতে হবে। শুধু পুথিগত বিদ্যার ওপর নির্ভর না করে ক্রীড়াঙ্গন ও অতিরিক্ত সহপাঠ্যক্রমিক কার্যক্রমের (এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি) সঙ্গে নিজেদের যুক্ত করার জোর তাগিদ দেন তিনি।
চতুর্থ শিল্প বিপ্লব ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে শিক্ষার পরিবেশের ইতিবাচক পরিবর্তনের কথা উল্লেখ করে মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আমাদের সময়ে প্রযুক্তিগত এতো সুবিধা ছিল না, হাতেকলমে শেখার সুযোগ ছিল সীমিত। কিন্তু বর্তমান যুগ এআই প্রযুক্তির। এআই-কে সঠিক উদ্দেশ্যে ও দক্ষতার সঙ্গে ব্যবহার করে কোনো শিক্ষার্থী কোচিং বা গৃহশিক্ষক ছাড়াই নিজের পড়াশোনার সর্বোচ্চ সহায়তা নিতে পারে। প্রযুক্তিকে পজিটিভ কাজে লাগিয়ে নবীনরা সহজেই তাদের লক্ষ্য অর্জন করতে পারে।
লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি প্রমুখ।
