কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে দিবসটি উপলক্ষে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকাণ্ড নির্বাপণ, ভূমিকম্পে আহতদের উদ্ধার মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা অংশ নেন। এ সময় সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের সামনে এলপিজি গ্যাস সিলিন্ডারে লাগা আগুন বিভিন্ন কৌশলে নেভানোর পদ্ধতি প্রদর্শন করা হয়। পাশাপাশি ভূমিকম্পের সময় বহুতল ভবনে আটকে পড়া আহত ব্যক্তিদের উদ্ধারের কৌশলও দেখানো হয়।
মহড়ায় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জামিলুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, আইসিটি কর্মকর্তা আশরাফুল আলম, উপসহকারী প্রকৌশলী তন্ময় কুমার দত্ত এবং নাগেশ্বরী ফায়ার স্টেশনের ইনচার্জ আব্দুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
মহড়া দেখতে আসা কয়েকজন শিক্ষার্থী বলেন, বসতবাড়িতে আগুন লাগলে কীভাবে তা নিয়ন্ত্রণ করতে হয়, অগ্নিনির্বাপণ যন্ত্রের ব্যবহার এবং ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কে তারা বাস্তব ধারণা পেয়েছেন।
সহকারী কমিশনার (ভূমি) জামিলুর রহমান বলেন, বসতবাড়িতে আগুন লাগলে মানুষ বিচলিত হয়ে ছোটাছুটি শুরু করে। এ সময় ঠান্ডা মাথায় আগুন নেভানোর চেষ্টা করতে হবে। তা না হলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে সবকিছু পুড়ে যেতে পারে। ভূমিকম্পের সময় বহুতল ভবনে থাকলে ভবনের শক্ত কলামের নিচে অথবা শক্ত কোনো কিছুর নিচে অবস্থান করতে হবে।
