থাকছে ২৪ ঘন্টা জরুরি সেবা, উন্নত রোগ নির্ণয় ও জটিল অস্ত্রোপচারেরসহ আরও অনেক সুবিধা
পোষ্য প্রাণীর চিকিৎসায় আধুনিক সুযোগ-সুবিধা, উন্নত রোগ নির্ণয়, জটিল অস্ত্রোপচার ও নিবিড় পরিচর্যার প্রতিশ্রুতি নিয়ে চট্টগ্রামে যাত্রা শুরু করেছে চট্টগ্রাম স্পেশালাইজড ভেটেরিনারি কেয়ার (সিএসভিসি)।
নগরীর দক্ষিণ খুলশী এলাকায় গতকাল সোমবার বিকেলে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এয়াকুব গ্রুপের চেয়ারম্যান ও শিল্পপতি এম এয়াকুব আলী ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. বিবেক চন্দ্র সুত্রধর, বিশিষ্ট ইনফ্লুয়েন্সার পাপড়ি সিকদার।
উদ্যোক্তাদের দাবি, চট্টগ্রামে পোষ্য প্রাণীর জন্য বিশেষায়িত চিকিৎসাসেবার পরিসর বাড়ানোর লক্ষ্যে প্রতিষ্ঠিত এই হাসপাতালটি আধুনিক পশুচিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করবে। বিশেষ করে পোষ্য প্রাণীর জরুরি চিকিৎসা, জটিল রোগ নির্ণয়, অস্ত্রোপচার এবং অস্ত্রোপচার-পরবর্তী পরিচর্যায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এদিকে, বর্তমানে নগরজীবনে কুকুর, বিড়ালসহ বিভিন্ন পোষ্য প্রাণী অনেক পরিবারের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এসব প্রাণীর জটিল রোগ, দুর্ঘটনা কিংবা গভীর রাতে জরুরি চিকিৎসার প্রয়োজন হলে উপযুক্ত সেবা পাওয়া অনেক সময় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এমন বাস্তবতায় ২৪ ঘণ্টা পশুচিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্য নিয়ে সিএসভিসির যাত্রা শুরু হয়েছে।
হাসপাতালটিতে রয়েছে ২৪ ঘণ্টা জরুরি পশুচিকিৎসা, উন্নত রোগ নির্ণয়ের ব্যবস্থা, বিশেষায়িত অস্ত্রোপচারের সুবিধা, নিবিড় পরিচর্যা এবং অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসাসেবা। পাশাপাশি পোষ্য প্রাণীর রোগ প্রতিরোধ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়ার পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।
এয়াকুব গ্রুপের কো-চেয়ারম্যান নাহিদ ফারহানার উদ্যোগে একদল পশুচিকিৎসক ও পেশাজীবীর সমন্বয়ে গড়ে উঠেছে সিএসভিসি।
উদ্যোক্তা ও সংশ্লিষ্ট চিকিৎসকদের সবাই চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভিএএসইউ) সাবেক শিক্ষার্থী।
তাঁদের অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা ও আধুনিক চিকিৎসাপদ্ধতির সমন্বয়ে পোষ্য প্রাণীর স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করার লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।
সংশ্লিষ্টদের মতে, একটি আধুনিক পশু হাসপাতালের কার্যকারিতা শুধু উন্নত যন্ত্রপাতি বা অবকাঠামোর ওপর নির্ভর করে না; জরুরি মুহূর্তে দ্রুত সাড়া দেওয়া, দক্ষ চিকিৎসক, সঠিক রোগ নির্ণয় এবং প্রাণীর প্রতি সহানুভূতিশীল আচরণও সমান গুরুত্বপূর্ণ। এসব বিষয়কে গুরুত্ব দিয়ে সিএসভিসি পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, সিএসভিসির কার্যক্রমের মাধ্যমে চট্টগ্রামে পোষ্য প্রাণীর চিকিৎসায় আধুনিক ও পেশাদার সেবার সুযোগ বাড়বে। একই সঙ্গে প্রাণীর স্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ এবং দায়িত্বশীল পোষ্য পরিচর্যা সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধিতেও প্রতিষ্ঠানটি ভূমিকা রাখবে।
প্রাণীর চিকিৎসাকে কেবল অসুস্থতা নিরাময়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিরাপদ, মানবিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সিএসভিসির অন্যতম লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে এয়াকুব গ্রুপের চেয়ারম্যান ও শিল্পপতি এম এয়াকুব আলী বলেন, মানুষের মতো প্রাণীদেরও অসুস্থতা ও দুর্ঘটনার সময় যথাযথ চিকিৎসা প্রয়োজন। পোষ্য প্রাণীর জন্য আধুনিক, মানসম্মত ও নির্ভরযোগ্য চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চাই, চট্টগ্রামের মানুষ যেন তাঁদের প্রিয় পোষ্যকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যেতে বাধ্য না হন। সিএসভিসির মাধ্যমে এ অঞ্চলে পশুচিকিৎসাসেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আমরা আশাবাদী।
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিবেক চন্দ্র সূত্রধর বলেন, পশুচিকিৎসার ক্ষেত্রে আধুনিক রোগ নির্ণয়, দক্ষ চিকিৎসক, উন্নত চিকিৎসা সরঞ্জাম এবং নিবিড় পরিচর্যার সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে এসব সেবা সম্প্রসারণের সুযোগ তৈরি হয়। একই সঙ্গে প্রাণীর প্রতি মানবিক আচরণ, বৈজ্ঞানিক চিকিৎসাপদ্ধতি এবং পেশাগত নৈতিকতা নিশ্চিত করাও জরুরি। এ ধরনের উদ্যোগ চট্টগ্রামে পোষ্য প্রাণীর চিকিৎসাসেবার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
প্রতিষ্ঠানটির কো-চেয়ারম্যান নাহিদ ফারহানা বলেন, পোষ্য প্রাণীর চিকিৎসাসেবায় জরুরি মুহূর্তে দ্রুত চিকিৎসা পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই প্রয়োজন বিবেচনায় নিয়ে সিএসভিসি প্রতিষ্ঠা করা হয়েছে। ২৪ ঘণ্টা জরুরি সেবা, উন্নত রোগ নির্ণয়, বিশেষায়িত অস্ত্রোপচার ও নিবিড় পরিচর্যার মাধ্যমে আমরা পোষ্য প্রাণীর জন্য নির্ভরযোগ্য চিকিৎসাব্যবস্থা গড়ে তুলতে চাই। আমাদের লক্ষ্য শুধু চিকিৎসা দেওয়া নয়, বরং প্রাণীর সুস্থতা নিশ্চিত করা এবং পোষ্য প্রাণীর মালিকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া।
হাসপাতালটির পরিচালক ডা. পার্থ সামন্ত বলেন, পোষ্য প্রাণীর অনেক অসুস্থতা ও দুর্ঘটনায় দ্রুত রোগ নির্ণয় এবং সময়মতো চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিএসভিসিতে জরুরি চিকিৎসা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, অস্ত্রোপচার এবং অস্ত্রোপচার-পরবর্তী পরিচর্যার সমন্বিত ব্যবস্থা রাখার লক্ষ্য রয়েছে। পাশাপাশি প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং পোষ্য প্রাণীর মালিকদের সচেতনতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন ডা.শুভ কান্তি দাশ,ডা. পার্থ সামন্ত, ডা. মোঃ আসলাম হোসেন, ডা. উম্মে খায়ের ফাতেমা সাদী, ডা. ফারজানা আক্তার, ডা. কাজী আসমা আকতার, ডা. অন্দ্রীলা আক্তার,ডা. মুহাম্মদ সায়েম আব্দুল্লাহ,ডা. আরফানুল সাইফ, ডা. মোঃ শাহাদাত হোসেন, ইঞ্জিনিয়ার ময়ূখ দে, ডা. নাজিফা তাবাসসুম আরশী,ডা. মো নাঈম উদ্দিন নিপু, ডা. বৃষ্টি ধর নন্দিতা। আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ও উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির অফিসার এবং পোষাপ্রাণীর মালিক।
The post চট্টগ্রামে প্রথম বিশেষায়িত পশু হাসপাতালের যাত্রা শুরু appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
