কাঁটাতারের বেড়া দুই দেশের মানুষকে আলাদা করলেও আত্মীয়তার বন্ধন ও ভালোবাসা অটুট রয়েছে। শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে দিনাজপুরের হিলি সীমান্তে জমে উঠেছে দুই বাংলার মানুষের মিলনমেলা। পূজার আনন্দ স্বজনদের সঙ্গে ভাগাভাগি করে নিতে সীমান্ত এলাকায় ভিড় করছেন দর্শনার্থীরা।
সার্বজনীন দুর্গোৎসব ঘিরে হিলি সীমান্ত এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ। দুই বাংলার আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা করা, আনন্দ ভাগাভাগি করা এবং পুরোনো স্মৃতি রোমন্থনের আশায় সীমান্তে ছুটে আসছেন অনেকে।
কেউ পাসপোর্ট ও প্রয়োজনীয় ভ্রমণ অনুমতি নিয়ে বৈধ পথে যাতায়াত করছেন। আবার অনেকে স্বজনদের সঙ্গে দেখা করার ইচ্ছা থাকলেও সীমান্ত পার হতে না পেরে আক্ষেপ নিয়ে ফিরছেন। সীমান্ত অতিক্রম করতে না পারলেও শূন্যরেখার কাছে দাঁড়িয়ে ছবি তুলে স্মৃতি ধরে রাখছেন তাঁরা।
দুর্গোৎসব ঘিরে দুই বাংলার মানুষের এই উপস্থিতিতে উৎসবমুখর হয়ে উঠেছে হিলি সীমান্ত এলাকা। ভৌগোলিক বিভাজন ও কাঁটাতারের বেড়া পেরিয়ে আত্মীয়তার টান, ভালোবাসা ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনই যেন হয়ে উঠেছে এই মিলনমেলার মূল আকর্ষণ।
এমএম/
