সিরাজগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী এবং সিরাজগঞ্জের সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। পূজামণ্ডপগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তর এবং প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় সিরাজগঞ্জ শহরের আব্দুল্লাহ আল মাহমুদ এভিনিউয়ে নিজ বাসভবনে জেলার সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “আমি বিদ্যুৎ বিভাগে কথা বলেছি, যাতে আপনারা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পান। প্রশাসনকে বলে দিয়েছি, তারা যেন সব সময় কঠোর নজরদারি রাখে। প্রশাসনও সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে, যাতে শারদীয় দুর্গাপূজা সুন্দরভাবে সম্পন্ন হয়।”
তিনি আরও বলেন, “আমি সিরাজগঞ্জে থাকব না, কিন্তু আমার মন পড়ে থাকবে এখানে।” এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে পূজা উদযাপনের আহ্বান জানান এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা পূজা উদযাপন কমিটির সভাপতি ও নেতারা তাঁদের বক্তব্যে বলেন, বিগত সময়ের তুলনায় এবার দুর্গাপূজা উদযাপনে তাঁরা বেশি নিশ্চিন্ত বোধ করছেন। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাচ্ছে বলেও তাঁরা উল্লেখ করেন। পাশাপাশি পূজা উপলক্ষে সরকারি অনুদান পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন তাঁরা।
পূজা উদযাপন কমিটির নেতারা বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এবার তাঁরা আরও নিশ্চিন্তে শারদীয় দুর্গাপূজা পালন করতে পারছেন। এ সময় বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সহযোগিতার কথাও উল্লেখ করেন তাঁরা।
বক্তারা পূজামণ্ডপের নিরাপত্তা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং প্রশাসনিক সহযোগিতা অব্যাহত রাখার দাবি জানান। একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
প্রকাশিত তথ্য অনুযায়ী, এ বছর সিরাজগঞ্জ জেলার নয়টি উপজেলায় মোট ৫৫৭টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরাপত্তা জোরদার এবং উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রস্তুতি নিয়েছে।
অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।
The post সিরাজগঞ্জে দুর্গাপূজা ঘিরে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: মন্ত্রী টুকু appeared first on ভোরের চেতনা.
