নিজেদের ব্যর্থতার দায় বিরোধী দলের ওপর চাপিয়ে দিয়ে সরকার জনগণের দৃষ্টি ভিন্ন দিকে সরানোর কৌশল গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, সীমাহীন ব্যর্থতার দায়ভার সম্পূর্ণভাবে সরকারকেই বহন করতে হবে; এটি অন্যের ওপর চাপিয়ে দেওয়া সমীচীন নয়।
রোববার রাজধানীর প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘জুলাই সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধ করতে ব্যর্থ হওয়া, নিত্যপণ্যের উচ্চমূল্যের চাপ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকারের ব্যর্থতার দায় তারা এড়াতে পারে না।
সংসদ সদস্য মিষ্টির পদত্যাগের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত এমপিকে পদত্যাগ করানোর মাধ্যমে সরকার জনসমর্থন পাওয়ার একটি চেষ্টা চালিয়েছে। তবে শুধু পদত্যাগের মধ্য দিয়ে অপরাধের বিচার শেষ হয়ে যায় না; অভিযুক্ত সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় এনে যথাযথ বিচার নিশ্চিত করতে হবে।
দেশে বৈষম্য বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ৫ আগস্ট ২০২৪ পরবর্তী পরিবর্তনের মূল লক্ষ্য ছিল একটি ন্যায়বিচারভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্র গঠন। অথচ সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি, বরং বৈষম্য বেড়েই চলেছে। তরুণেরা যে আকাঙ্ক্ষা নিয়ে রক্ত দিয়েছেন, তার প্রতিফলন ঘটাতে হবে। সরকার ব্যর্থতা আড়াল করতে বিরোধী দলের বিরুদ্ধে নতুন বয়ান তৈরির যে অপচেষ্টা চালাচ্ছে, তার পরিবর্তে ভুলত্রুটি স্বীকার করে দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন তিনি। বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে ঘাটতি রয়ে গেছে এবং বৈষম্য আরও বাড়ছে। সরকারের ভুলত্রুটি থাকলে তা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াই দায়িত্বশীল আচরণ।
আওয়ামী লীগকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে পুনর্বাসনের অভিযোগ তুলে জামায়াত আমির আরও বলেন, একদিকে সীমান্ত দিয়ে অর্থ আসা ও অস্থিরতা তৈরির অভিযোগ আনা হচ্ছে, অন্যদিকে এসব প্রতিরোধের ক্ষেত্রে সরকারের নিজস্ব সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠছে। সীমান্তে মাদক ও অস্ত্র চোরাচালান রোধ করার প্রাথমিক ও প্রধান দায়িত্ব সরকারের। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সরকারকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
The post নিজেদের ব্যর্থতার দায় বিরোধীদের ওপর চাপাবেন না: শফিকুর রহমান appeared first on Daily Sangbad Chorcha.
