মা ইলিশ সংরক্ষণ অভিযানে রাজবাড়ী পদ্মা নদীতে অভিযানে ১২ জেলেকে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে।
গতকাল মঙ্গলবার জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পদ্মা নদীর বিভিন্ন স্থানে বিকেল ৪টা থেকে রাত ১টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানে সর্বমোট ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া অবৈধভাবে ব্যবহ্রত ২৫ হাজার মিটার জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত ৩টি নৌকা নিলামে বিক্রি করা হয়।
এদিন অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. মো. আশিকুজ্জামান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস,এম, রায়হানুল ইসলাম।
মা ইলিশের প্রজনন সুরক্ষা, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদ সংরক্ষণে রাজবাড়ী জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানান তারা।
