সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বিপিএম বলেছেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, জনসচেতনতা বৃদ্ধিও জরুরি। চালক ও পথচারী নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে সড়ক দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
মঙ্গলবার জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা শাখার উদ্যোগে নগরীর শাহী ঈদগাহ এলাকার স্কলার্সহোমে আয়োজিত শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশ কমিশনার বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পুলিশ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সিলেট নগরীর যানজট নিরসনে নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং এবং যাত্রী ওঠানামা নিশ্চিত করা প্রয়োজন।
তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। সম্প্রতি এক সমীক্ষার বরাত দিয়ে তিনি উল্লেখ করেন, দেশে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১৫ শতাংশ শিক্ষার্থী। তাই শিক্ষার্থীদের রাস্তায় চলাচলের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা কমাতে সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান তিনি।
হাইওয়েতে চলাচল নিষিদ্ধ এমন যানবাহনে যাতায়াত না করার জন্য যাত্রীদের প্রতি আহ্বান জানিয়ে পুলিশ কমিশনার বলেন, মোটরসাইকেল চালক ও আরোহীÑউভয়েরই নিরাপত্তা হেলমেট ব্যবহার করা জরুরি। একটি সুন্দর ও সুশৃঙ্খল নগরী গড়ে তুলতে ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। প্রতিদিনের যাতায়াতে সামান্য অসচেতনতাও বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই সড়কে চলাচলের সময় সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
নিসচা সিলেট জেলা শাখার সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং স্কলার্সহোমের শাহী ঈদগাহ শাখার সিনিয়র শিক্ষক মো. মুস্তাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ছয়ফুল করিম চৌধুরী হায়াত।
বিশেষ অতিথির বক্তব্য দেন বিআরটিএ সিলেটের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. ডালিম উদ্দিন, উপপুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়, উপপুলিশ কমিশনার (দক্ষিণ) সাইফুল ইসলাম, স্কলার্সহোম শাহী ঈদগাহ শাখার অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মুনির আহমদ কাদেরী, সাংবাদিক গোলজার আহমদ হেলাল, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি এম. এ. বাতেন, সহকারী পুলিশ কমিশনার মুহিবুর রহমান, পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম, নিসচা সিলেট জেলা শাখার সহসভাপতি আব্দুল হাছিব এবং সহসাধারণ সম্পাদক মো. সাহেদুর রহমান সাহেদ।
এ সময় নিসচা সিলেট জেলা শাখার অর্থ সম্পাদক সোহেল চৌধুরী, প্রচার সম্পাদক শাহীন আহমদ, প্রকাশনা সম্পাদক আজমল আলী, কার্যকরী সদস্য মো. শরিফ আহমদ, আহমেদ ফুহাদ বিন রাশিদ, এমদাদুল হক লিপন, মো. আফজাল হোসেন খান, মো. হাফিজুর রহমান, শরিফ গাজী, দিদারুল ইকবালসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
