The Sangbad · সাধারণ
রাসেলকে লেখা কবিগুরুর ঐতিহাসিক চিঠি প্রকাশ করল নোবেল কর্তৃপক্ষ
১৬/১০/২০২৬

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শতাধিক বছরের পুরোনো একটি বিরল ও ঐতিহাসিক চিঠির ছবি সম্প্রতি প্রকাশ করেছে নোবেল পুরস্কার কর্তৃপক্ষ।
১৯১২ সালের ১৩ অক্টোবর ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেলকে উদ্দেশ্য করে চিঠিটি লিখেছিলেন বিশ্বকবি। ঐতিহাসিক এই পত্রটিতে বার্ট্রান্ড রাসেলের ‘দ্য এসেন্স অব রিলিজিয়ন’ শীর্ষক প্রবন্ধের প্রসঙ্গ টেনে রবীন্দ্রনাথ উপনিষদের একটি বিশেষ শ্লোকের গভীর ব্যাখ্যা উপস্থাপন করেন। একই সঙ্গে মানুষের সীমাবদ্ধ সত্তাকে অতিক্রম করে অসীমের আনন্দ উপলব্ধি করা এবং সব ধরনের ভয় থেকে মুক্তির দর্শন তুলে ধরেন তিনি।
মূলত কানাডার ম্যাকমাস্টার ইউনিভার্সিটি লাইব্রেরিতে সুরক্ষিত রয়েছে ‘রাসেল আর্কাইভ’। সেখান থেকেই মূল্যবান এই চিঠিটি সংগ্রহ করেছে নোবেল কর্তৃপক্ষ।
এর ঠিক এক বছর পর, অর্থাৎ ১৯১৩ সালে প্রথম এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
অন্যদিকে ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেল সাহিত্যে নোবেল লাভ করেন ১৯৫০ সালে। প্রাচ্য ও পাশ্চাত্যের দুই মহীরুহের এই পত্রালাপ দুই ভিন্ন সংস্কৃতির দার্শনিক চিন্তাধারার এক অপূর্ব ঐতিহাসিক মেলবন্ধনকে ফুটিয়ে তোলে।
মূল প্রতিবেদনে যান ↗