আধুনিক যন্ত্রপাতি সজ্জিত অপারেশন থিয়েটার থাকলেও জনবল সংকটে অচল হয়ে পড়েছে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অস্ত্রোপচার কার্যক্রম। সার্জারি ও অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ না থাকায় ২০২৪ সাল থেকে সম্পূর্ণ বন্ধ রয়েছে নিয়মিত সিজারিয়ানসহ সব ধরনের জটিল অস্ত্রোপচার। পাশাপাশি তীব্র চিকিৎসক সংকটে সাড়ে চার লাখ মানুষের চিকিৎসাসেবার প্রধান ভরসাস্থল ৫০ শয্যার এই হাসপাতালটিতে সেবা দিতে চরম হিমশিম খাচ্ছেন কর্তব্যরত চিকিৎসকরা।
হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ৫০ শয্যার বিপরীতে চিকিৎসক পদের ৪০টির মধ্যে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৫ জন চিকিৎসক। অথচ প্রতিদিন বহির্বিভাগে গড়ে ৭০০ থেকে ৮০০ জন এবং জরুরি বিভাগে প্রায় ১০০ থেকে ১২০ জন রোগী সেবা নিতে আসেন। ভর্তি রোগীর সংখ্যা ৫০ পেরিয়ে অনেক সময় ১১০ জনে দাঁড়িয়ে যায়। শয্যা না পেয়ে বাধ্য হয়ে অনেক রোগীকে বারান্দা বা মেঝের ওপর থেকেই চিকিৎসা নিতে হয়। অথচ এই হাসপাতালেই আগে গত দুই বছরে শতাধিক সিজারিয়ানসহ ২৫৫টি সফল অস্ত্রোপচার করা হয়েছিল।
সরেজমিনে গিয়ে দেখা যায়, টিকিট কাউন্টার ও চিকিৎসকদের কক্ষের সামনে রোগীদের উপচে পড়া ভিড়। ডিজিটাল এক্স-রে ও প্যাথলজিক্যাল ল্যাব সচল থাকলেও ল্যাব টেকনিশিয়ানের পদ খালি থাকায় অতিরিক্ত চাপে রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অন্যদিকে সার্জারি ও অ্যানেস্থেসিয়া কনসালটেন্ট না থাকায় ওটি থাকলেও অস্ত্রোপচারের রোগীদের বাধ্য হয়ে জেলা হাসপাতাল কিংবা রংপুর মেডিক্যালে স্থানান্তর করা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হুমায়ুন কবীর জানান, অ্যানেস্থেসিয়া কনসালটেন্ট না থাকায় ওটি সেবা আপাতত বন্ধ রয়েছে, তবে জরুরি বিভাগে কাটা-ছেঁড়া ও ড্রেসিংয়ের মতো প্রাথমিক কাজ চালু রয়েছে।
