মাগুরা পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় বিক্ষোভে ফুঁসে উঠেছে স্থানীয় এলাকাবাসী ও জেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ঘটনার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও প্রধান আসামিদের গ্রেপ্তার ও হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
গতকাল শনিবার বেলা ১১টায় খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পারনান্দুয়ালী বেপারীপাড়া থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের চৌরঙ্গী মোড়ে মাগুরা প্রেসক্লাবের সামনে পৌঁছালে সেখানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর হোসেন ও আমিনুর রহমান খান পিকুল, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোল ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ। বক্তারা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মূল পরিকল্পনাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।
সমাবেশ শেষে বিক্ষুব্ধ জনতা ঢাকা-খুলনা মহাসড়কের পারনান্দুয়ালী বাস টার্মিনাল এলাকায় বাস দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে এবং টায়ারে আগুন জ্বালিয়ে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
উল্লেখ্য, গত ২১ অক্টোবর ভোরে মাগুরা বাস টার্মিনালে রয়েল পরিবহনের কাউন্টারে শাকের হোসেনের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের পর তার মাথা থেকে একটি গুলি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেছেন।
