সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি নাগরিক ও এক মানবপাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মানবপাচারকারী চক্রের সন্দেহভাজন দুই সদস্য পালিয়ে গেছেন।
বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা বিওপির আওতাধীন আরমান ছড়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকার মো. আবুল হোসেন (৪২), শার্শা উপজেলার বেনাপোল এলাকার ফাতেমা (১৮) এবং দোয়ারাবাজার উপজেলার ইসলামপুর গ্রামের জহির মিয়ার ছেলে মো. আমির।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুল হোসেন ও ফাতেমার দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় বাসিন্দা আমির অর্থের বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় দালালদের কাছে পৌঁছে দিতেন। ঘটনার সময় তিনি তাদের অবৈধভাবে সীমান্ত পার করে ভারতে নেওয়ার চেষ্টা করছিলেন। আটক দুই বাংলাদেশির ভারতে আত্মীয়স্বজন রয়েছেন।
এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় আরও দুই ব্যক্তি অনিক মিয়া (২৪) ও আলাউদ্দিন (৫৪) পালিয়ে গেছেন।
বিজিবি আরও জানায়, আটক তিনজনকে অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে দোয়ারাবাজার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজিবির সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, আটক তিনজনের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিক, যাদের আত্মীয়স্বজন ভারতে থাকেন। অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টার অভিযোগে আমিরসহ তাদের আটক করা হয়েছে। তাদের সবাইকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হবে।
