শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম কিবরিয়া রিপন।
এ উপলক্ষে প্রায় ২৫০টি মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন তিনি। এ সময় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নেন এবং দুর্গোৎসব নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় গোলাম কিবরিয়া রিপন বলেন, বাংলাদেশ আবহমানকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এ দেশের মানুষ যুগ যুগ ধরে সব ধর্মের উৎসব কাঁধে কাঁধ মিলিয়ে উদযাপন করে আসছে।
তিনি বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই নীতিতে বিশ্বাস রেখে অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ ও লালন করতে হবে। রিপন আরও বলেন, পূজা উদযাপনকালে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ এবং সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির নেতাকর্মীরা মাঠে ছিলেন। ভবিষ্যতেও তাঁরা সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবেন।
এ সময় উপস্থিত ছিলেন ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপির সহসভাপতি আলমগীর বকশি ও রফিকুল ইসলাম লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান লিটন, যুবদলের সভাপতি শাহিন আলী সবুজ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. নায়েব আলী ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং ছাত্রদলের সভাপতি খোকন মিয়া ও সাধারণ সম্পাদক সেলিম মিয়া।
এ ছাড়া উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে এ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি নেতা গোলাম কিবরিয়া রিপন।
The post দুর্গাপূজায় ভেলাবাড়ীতে বিএনপি সভাপতি রিপনের গণসংযোগ appeared first on ভোরের চেতনা.
