শিকারির পাতা ফাঁদে আটকে বন্দিদশায় পড়া বকগুলো এবার আদালতের আদেশে মুক্ত আকাশে ডানা মেলেছে। কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে বন বিভাগের অভিযানে উদ্ধার হওয়া বকগুলো গতকাল মঙ্গলবার বিকেলে বাকখালী নদীর মোহনায় অবমুক্ত করা হয়।
এর আগে উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নানের নেতৃত্বে বন বিভাগের একটি দল মাছকারিয়া বিলে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৫০০ ফুট বক ধরার ফাঁদ জব্দ করার পাশাপাশি শতাধিক পাখি শিকারের ঘর এবং ককসিটের তৈরি প্রায় এক হাজার নকল বক ধ্বংস করা হয়। এ সময় ফাঁদে আটকানো বকসহ এক শিকারিকে হাতেনাতে আটক করে বন বিভাগ।
উদ্ধার করা বক ও আটক শিকারিকে কক্সবাজারের বন আদালতে সোপর্দ করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পাখিগুলোকে প্রকৃতিতে ফিরিয়ে দেওয়ার আদেশ দেন। বক অবমুক্তকরণের সময় বন মামলা পরিচালক টিএম আলী নওয়াজ ও আকরাম হোসেন, বন আদালতের প্রতিনিধি আনোয়ার হোসেন এবং ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা কুদ্দুসুর রহমানসহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রাকৃতিক জলাভূমি মাছকারিয়া বিলে শীত মৌসুমে প্রচুর অতিথি পাখির আগমন ঘটে। তবে নির্বিচারে ফাঁদ পেতে পাখি শিকারের কারণে স্থানীয় জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। পরিবেশসচেতন মহলের মতে, বিচ্ছিন্ন অভিযান না চালিয়ে মাছকারিয়া বিলকে পাখির নিরাপদ আশ্রয়স্থল করতে বন বিভাগের নিয়মিত নজরদারি জোরদার এবং পাখি বেচাকেনা বন্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া জরুরি।