কেন ইলন মাস্ক টেসলা-স্পেসএক্স একীভূত করতে চান?
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক বহু বছর ধরে টেসলা এবং স্পেসএক্সকে বিলিয়ন ডলার মূল্যের দুটি প্রযুক্তি সাম্রাজ্য হিসেবে গড়ে তুলেছেন। এখন তিনি এই দুটিকে একসঙ্গে যুক্ত করার কথা বিবেচনা করছেন।
বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) একটি কনফারেন্সে এ বিষয়ক প্রশ্নের জবাবে মাস্ক স্পষ্টভাবে ‘হ্যাঁ’ সূচক উত্তর দেন।
বিশ্বের এই শীর্ষ ধনকুবের জানান, সম্ভাব্য চুক্তিটি খতিয়ে দেখার জন্য ইতোমধ্যে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। তবে তিনি এও বলেছেন, একীভূতকরণটি হবেই,এমন কোনো নিশ্চয়তা নেই এবং এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
টেসলার বর্তমান বাজারমূল্য আনুমানিক ১.৫ ট্রিলিয়ন ডলার এবং স্পেসএক্সের মূল্য ২ ট্রিলিয়ন ডলার। ফলে এই দুটি কোম্পানির একীভূতকরণ সম্পন্ন হলে তা হবে ইতিহাসের সবচেয়ে বড় ব্যবসায়িক চুক্তি। এমন যে কোনো চুক্তির জন্য শেয়ারহোল্ডারদের সমর্থনের প্রয়োজন হবে। তবে মাস্ক জানান, এই দুটি ব্যবসাকে এক জায়গায় নিয়ে এলে অনেক কিছু অর্জন হবে।
একীভূতকরণের সম্ভাবনা কতটা?
মার্কেট রিসার্চ কোম্পানি ‘দ্য ফিউচারাম গ্রুপ’-এর চিফ টেকনোলজি অ্যাডভাইজার ডেভিড নিকোলসনের মতে, আমার মতে, এটি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ। প্রশ্ন শুধু একটাই -কখন হবে।
গত সপ্তাহে বহুল আলোচিত অল-ইলেকট্রিক সুপারকার টেসলা রোডস্টার-এর উন্মোচন হয়। এটি স্পেসএক্সের রকেট থ্রাস্টার দ্বারা চালিত একটি ফিউচারিস্টিক ইলেকট্রিক কার। এই গাড়ি মাস্কের দুটি কোম্পানি একীভূত হওয়ার এক ধরনের প্রতীকী রূপ হিসেবে কাজ করেছে বলে মনে করেন নিকোলসন।
স্পেসএক্স এবং টেসলা-উভয় প্রতিষ্ঠানেরই প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। তিনি বলেন, চিপস, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অন্যান্য প্রযুক্তিগত প্রজেক্ট নিয়ে প্রতিটি কোম্পানি যেভাবে কাজ করছে, তাতে প্রতিষ্ঠান দুটিকে একসঙ্গে আনা বেশ লাভজনক হবে।
নির্দিষ্টভাবে বললে, এই চুক্তির ফলে টেসলার গাড়ি, রোবট এবং সেলফ-ড্রাইভিং প্রযুক্তির সঙ্গে স্পেসএক্সের রকেট, ডেটা সেন্টার, স্যাটেলাইট এবং টেলিকমিউনিকেশন অপারেশনের মেলবন্ধন ঘটবে।
বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপটি মঙ্গলে একটি স্বয়ংসম্পূর্ণ শহর গড়ে তোলার মাস্কের মিশন বা লক্ষ্যপূরণের একটি বড় ধাপ হতে পারে। যদিও মাস্কের এই পরিকল্পনাটি নিয়ে অনেক সংশয়বাদীদের যেমন আপত্তি রয়েছে, তেমনি প্রচুর সমর্থকও রয়েছে।
গত এক বছরে মাস্ক তার ব্যবসাগুলোকে একত্রিত করার উদ্যোগ নিয়েছেন। স্পেসএক্স এ বছর পাবলিক কোম্পানিতে পরিণত হওয়ার আগেই এক্সএআই এবং এক্স (সাবেক টুইটার)-কে কিনে নিয়েছে।
তবে শেষ পর্যন্ত টেসলা-স্পেসএক্স একীভূতকরণের সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের। চুক্তিটি পাস করাতে টেসলার অন্তত অর্ধেক শেয়ারহোল্ডারের সমর্থন প্রয়োজন হবে। এটিকে মাস্ক নিজেই ‘বেশ বড় একটি বাধা’ হিসেবে বর্ণনা করেছেন। দুটি কোম্পানিরই সিইও হওয়ার কারণে মাস্ক শেয়ারহোল্ডারদের এই আলোচনায় নিজে অংশ নিতে পারবেন না।

যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠান টেলোস ওয়েলথ অ্যাডভাইজর্সের বিনিয়োগ বিশ্লেষক ড্যান শিহানের মতে, টেসলার বড় শেয়ারহোল্ডার হওয়ায় মাস্ক আগামী কয়েক বছরের মধ্যে নিজের পরিকল্পনা অনুযায়ীই কাজ সফল করবেন।
শিহান জানান, কোম্পানিগুলোর উদ্ভাবিত প্রযুক্তি যেহেতু একে অপরের পরিপূরক, তাই শেয়ারহোল্ডাররা শেষ পর্যন্ত এই চুক্তিটিকে সমর্থন করবেন। তবে এই একীভূতকরণের অর্থ হলো, টেসলার শেয়ারহোল্ডারদের কাছে সম্ভবত একটি বিশাল এবং আরও জটিল ব্যবসার তুলনামূলক ছোট অংশ থাকবে।
শিহান বলেন, টেসলার মতো একটি পাবলিক কোম্পানির মূল্য এই ক্ষেত্রে কীভাবে নির্ধারিত হবে, তার বাস্তব কোনো পূর্ব উদাহরণ নেই।
শেয়ার বাজারে প্রতিক্রিয়া ও প্রযুক্তিগত প্রভাব
দুই কোম্পানি একীভূত হওয়ার খবরে মার্কিন শেয়ারবাজারে লেনদেনের সময় শেষ হওয়ার পরেও স্পেসএক্সের শেয়ারের দাম ৮% এবং টেসলার শেয়ারের দাম ১.৫% বৃদ্ধি পায়।
তবে বিশেষজ্ঞরা বিবিসিকে জানিয়েছেন, এই দুটি কোম্পানি একত্রিত হলেও টেসলার গাড়ি চালকরা খুব নিকট ভবিষ্যতে বড় কোনো পরিবর্তন দেখতে পাবেন বলে মনে হয় না।
মার্কেট রিসার্চ কোম্পানি ‘দ্য ফিউচারাম গ্রুপ’-এর প্রযুক্তি উপদেষ্টা ডেভিড নিকোলসনের মতে, টেসলা ও স্পেসএক্সের প্রযুক্তিকে একসঙ্গে মেলানোর যে বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে, তার সামনে গাড়ি প্রস্তুত করার বিষয়টি গৌণ হয়ে গেছে।
টেসলায় ইতোমধ্যেই পরিবর্তনের হাওয়া বইছে। এই গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি চলতি বছরের শুরুর দিকে জানিয়েছিল, তারা তুলনামূলক কম জনপ্রিয় মডেলগুলো থেকে নজর সরিয়ে নিয়ে তাদের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ‘মডেল ওয়াই’ এবং ‘মডেল থ্রি’-কে প্রাধান্য দেবে। এছাড়া, টেসলা ক্যালিফোর্নিয়ার একটি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টকে ‘অপ্টিকাস’ নামে পরিচিত তাদের হিউম্যানয়েড রোবট উৎপাদনের কাজে ব্যবহার করা শুরু করেছে।
বিনিয়োগ বিশ্লেষক শিহান বলেন, টেসলার সেলফ-ড্রাইভিং গাড়ি ও রোবটের সঙ্গে স্পেসএক্সের এআই ও স্যাটেলাইট নেটওয়ার্ক মিলিয়ে দিলে গাড়িগুলো আরও বেশি আধুনিক ও শক্তিশালী হয়ে উঠবে। তবে মূল কথা হলো, এই নতুন কোম্পানিতে এআই প্রযুক্তির ভিড়ে গাড়ি তৈরির বিষয়টি কতটা প্রাধান্য পাবে, সেটাই দেখার বিষয়।
পরামর্শক প্রতিষ্ঠান ‘সিনো অটো ইনসাইটস’-এর প্রতিষ্ঠাতা তু লে বলেন, সাম্প্রতিক রোডস্টার গাড়ির প্রদর্শনী দেখে মনে হচ্ছে, ভবিষ্যতে টেসলার পণ্যে স্পেসএক্সের প্রযুক্তি ব্যবহার করা হতে পারে, যা আরও বেশি ক্রেতাকে আকৃষ্ট করবে।
টেসলাকে এখন চীনের বিওয়াইডি-র সঙ্গে তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে। এই কোম্পানি গত জানুয়ারিতে টেসলাকে হারিয়ে বিশ্বের এক নম্বর বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হয়ে গেছে।
একীভূত হলে মাস্কের কী লাভ?
বিশ্লেষকদের মতে, এই একীভূতকরণের ফলে সবচেয়ে বেশি লাভবান হবেন ইলন মাস্ক নিজে, যিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে এ বছরই প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার রেকর্ড গড়েছেন। এই দুটি কোম্পানি এক হয়ে গেলে নতুন প্রতিষ্ঠানে মাস্কের ক্ষমতা ও সিদ্ধান্তের সুযোগ টেসলার চেয়ে অনেক বেশি বেড়ে যাবে। বিষয়টি বিশেষ কমিটিকে গভীরভাবে ভেবে দেখতে হবে।
বিশ্লেষক শিহানের মতে, একটি মাত্র কোম্পানি থাকলে মাস্কের জন্য নিজের মতো করে এআই পরিকল্পনা চালানো অনেক সহজ হবে। তিনি বলেন, এই চুক্তির কারণে মাস্কের মোট সম্পদ রাতারাতি বাড়বে না, তবে তার বড় অংশের শেয়ার ও সম্পদ একটি মাত্র কোম্পানিতে জমা হবে।
কিন্তু ‘দ্য ফিউচারাম গ্রুপ’-এর প্রযুক্তি উপদেষ্টা নিকোলসন মনে করেন, যুক্তরাষ্ট্রে মাস্ক এমনিতেই বেশ বিতর্কিত ব্যক্তি হওয়ায় এই সিদ্ধান্তের কারণে সরকারের নজরদারি তার ওপর আরও বাড়তে পারে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, আগামী মাসের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মাস্কের সমালোচক ডেমোক্র্যাটরা বেশি আসন পেলে এই একীভূতকরণ আইনি ও রাজনৈতিক বাধার মুখে পড়তে পারে। তবে বিনিয়োগকারীরা আগেও মাস্ককে সমর্থন করেছেন। যেমন, গত বছর তারা টেসলা থেকে মাস্কের জন্য রেকর্ড পরিমাণ পারিশ্রমিক প্যাকেজ পাস করেছিলেন।
নিকোলসনের মতে, এই সিদ্ধান্তের ফলে তার ব্যক্তিগত সম্পদ কতটা বাড়বে বা কমবে, তা নিয়ে মাস্ক মোটেও চিন্তিত নন। মূলত এই চুক্তিটি মাস্ককে তার জীবনের আসল স্বপ্ন—মঙ্গলে মানুষের বসতি গড়ার লক্ষ্য পূরণকে সহজ করে দেবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
