সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, বিপদে মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন তাঁরা। অথচ সড়ক দুর্ঘটনায়ই প্রাণ হারালেন সেই তিন স্বেচ্ছাসেবী। শুক্রবার প্রশিক্ষণ শেষে অ্যাম্বুলেন্সে মাগুরায় ফেরার পথে ফরিদপুরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তাঁদের মৃত্যু হয়। এ ঘটনায় আরও তিন স্বেচ্ছাসেবী ও অ্যাম্বুলেন্সচালক আহত হয়েছেন।
শুক্রবার বেলা ৩টার দিকে ফরিদপুর-মাগুরা মহাসড়কের মধুখালী উপজেলার আড়কান্দি সেতুসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ভলান্টিয়ার ফর বাংলাদেশের মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক রাব্বি মোল্যা (১৯), সংগঠনটির সদস্য নূর মোহাম্মদ আরিক (২২) ও তামান্না তাবাসসুম ঐশী (২৫)। তাঁরা সবাই মাগুরা পৌর এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় আহত সাগর, রিয়া ও জয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে জয়ের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে, অ্যাম্বুলেন্সচালক মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
সংগঠনটির ফরিদপুর শাখা সূত্রে জানা যায়, ‘জাগো ফাউন্ডেশন’ পরিচালিত ‘সমতা তারুণ্যের’ প্রকল্পের উদ্যোগে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার ব্যুরো বাংলাদেশ কার্যালয়ে ডিজিটাল লিটারেসি ও সাইবার বুলিং বিষয়ে অর্ধদিবসের প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে বিভিন্ন জেলার সদস্যদের পাশাপাশি মাগুরা শাখার ছয়জন স্বেচ্ছাসেবী অংশ নেন। প্রশিক্ষণ শেষে তাঁরা মাগুরায় ফেরার প্রস্তুতি নেন। পরে ঢাকা থেকে মাগুরাগামী একটি খালি অ্যাম্বুলেন্স ভাড়া করে বাড়ির উদ্দেশে রওনা হন। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই আড়কান্দি সেতুর কাছে ভয়াবহ দুর্ঘটনার শিকার হন তাঁরা।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আড়কান্দি সেতুসংলগ্ন এলাকায় অ্যাম্বুলেন্সটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী কিং ফিশার পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা ছয় স্বেচ্ছাসেবী ও চালক আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিন স্বেচ্ছাসেবীকে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, শুক্রবার সন্ধ্যায় মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহত তিনজনের মরদেহ তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তিন সহকর্মীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংগঠনটির সদস্যদের মধ্যে। একই প্রশিক্ষণে অংশ নেওয়া ভলান্টিয়ার ফর বাংলাদেশের ফরিদপুর শাখার সদস্য তুষার মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, “সকাল থেকে একসঙ্গে প্রশিক্ষণ নিলাম, দুপুরে নামাজ শেষে ওদের বিদায় দিলাম। কে জানত, এ বিরহের বিদায় হবে শেষ বিদায়।”
নিহত রাব্বি মোল্যার নিরাপদ সড়কবিষয়ক প্রশিক্ষণে অংশ নেওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সুমাইয়া সাফাত। ছবির সঙ্গে দেওয়া পোস্টে তিনি লেখেন, “যারা সড়ক দুর্ঘটনা এড়ানোর জন্য যুদ্ধ করল, আজ তাদেরই জীবনই সড়ক দুর্ঘটনায় দিতে হচ্ছে!” ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুস সালাম বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস ও অ্যাম্বুলেন্স উদ্ধার করে কানাইপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
The post সড়ক দুর্ঘটনাতেই প্রা’ণ’ গেল তিন স্বেচ্ছাসেবীর appeared first on ভোরের চেতনা.
