নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লাকে (৪৮) গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
তিনি বড়াইগ্রামের বনপাড়া সরকারি (শেখ ফজিলাতুন্নেসা মুজিব) মহিলা কলেজের অধ্যক্ষ ও উপজেলার মহিষভাঙ্গা গ্রামের মরহুম আজাহার আলী মোল্লার ছেলে। তিনি উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা সানাউল্লাহ নুর বাবু হত্যা মামলার অন্যতম আসামি।
এদিকে, গ্রেফতারের পরপরই তাকে সানাউল্লাহ নুর বাবু হত্যার মাস্টারমাইন্ড দাবি করে সে মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানোসহ তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা বনপাড়া বাজারে বিক্ষোভ মিছিল করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
তবে তিনি বাবু হত্যা মামলায় জামিনে রয়েছেন বলে জানান ওসি।
