The Sangbad · সাধারণ
প্রতিমা বিসর্জনে গিয়ে নিখোঁজ, মেলেনি বিজয়ের সন্ধান
২২/১০/২০২৬

টাঙ্গাইলের সখিপুরে বংশাই নদীতে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ বিজয় চন্দ্র কোচের (১৮) সন্ধান মিলেনি এখনো। নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করা সম্ভব না হওয়ায় চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন স্বজনরা।বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান শুরু করলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।নিখোঁজ বিজয় সখিপুর উপজেলার ধোপারচালা এলাকার খনিন্দ্র চন্দ্র কোচের ছেলে।স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের গোয়ালবাড়ি-সংলগ্ন বংশাই নদীতে প্রতিমা বিসর্জন দিতে নামেন বিজয়। একপর্যায়ে গভীর পানিতে তলিয়ে গিয়ে তিনি নিখোঁজ হন। খবর পেয়ে ঘটনার পর থেকেই নিখোঁজ যুবককে উদ্ধারে তল্লাশি চালানো শুরু হয়।এদিকে নিখোঁজ বিজয়কে উদ্ধারে নদীর তীরে ভিড় জমিয়েছেন স্থানীয় কৌতূহলী শত শত মানুষ। স্বজনরাও নদীর পাড়ে বিজয়ের সন্ধান পাওয়ার আশায় অশ্রুসজল চোখে অপেক্ষা করছেন।সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছি। সকাল থেকেই ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সমন্বয়ে পুলিশ উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। তবে এখনো বিজয়ের সন্ধান মেলেনি।’
মূল প্রতিবেদনে যান ↗