তানযীমুল উম্মাহ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও ইবনে সিনার মধ্যে স্বাক্ষরিত করপোরেট চুক্তির আওতায় সংগঠনটির সদস্যরা আজীবন বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষায় ৩৫ শতাংশ ছাড় পাবেন।
তানযীমুল উম্মাহ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও ইবনে সিনার মধ্যে করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির ফলে সংগঠনটির সদস্যরা ইবনে সিনায় বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষায় ৩৫ শতাংশ ছাড় পাবেন। সদস্যদের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করা এবং চিকিৎসাসেবায় বিশেষ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার সকালে রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে অবস্থিত তানযীমুল উম্মাহর মিলনায়তনে উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
ইবনে সিনার এজিএম ও হেড অব বিজনেস নিয়াজ মাখদুম শিবলি জানান, চুক্তির আওতায় তানযীমুল উম্মাহ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা ইবনে সিনায় বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষায় ৩৫ শতাংশ ছাড়ের সুবিধা পাবেন। তাঁর ভাষ্য অনুযায়ী, চুক্তির শর্ত অনুযায়ী সংগঠনটির সদস্যরা আজীবন এ সুবিধা ভোগ করতে পারবেন।
সাইয়েদ ইব্রাহীম হিরার সঞ্চালনায় এবং হাফেজ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. আব্দুল্লাহ আল মামুন। এ সময় আরও উপস্থিত ছিলেন ড. মীম আতিকুল্লাহ, তানযীমুল উম্মাহ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আবুবকর সিদ্দিক, সহসভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক তাওফিক আহমেদ খানসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ চুক্তির মাধ্যমে তানযীমুল উম্মাহ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যদের জন্য স্বাস্থ্য পরীক্ষায় আর্থিক সুবিধা নিশ্চিত হওয়ার পাশাপাশি সংগঠনটির সদস্যদের কল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
