বাংলাদেশে ধর্ষণে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। কিন্তু এরপরেও দিনে দিনে বাড়ছে জঘন্যতম এই অপরাধ। তারেকের বাংলাদেশে লাগাতার নারী নির্যাতনের অভিযোগ সামনে আসছে। প্রশ্নের মুখে নারীসুরক্ষা। এরই মধ্যে ৮০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠল ৬৫ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাংলাদেশের নেত্রকোনার পূর্বধলা বলে একটি এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। ইতিমধ্যে অভিযুক্তের বিরুদ্ধে পূর্বধলা এলাকায় দায়ের হয়েছে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, ঘটনার পরেই এলাকা ছাড়া অভিযুক্ত। যদিও তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে বাংলাদেশ পুলিশ।
শুধু এই ঘটনাই নয়, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে একাধিক ধর্ষণের ঘটনা সামনে এসেছে। গণধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে ওঠে উত্তরের জেলা কুড়িগ্রামের ভূরুঙ্গামারী। নির্যাতিতার অভিযোগ, ক্ষেতে আটকে রেখে জোর করে তাঁকে গণধর্ষণ করা হয়েছে। এই ঘটনাতেও তদন্ত শুরু করেছে পুলিশ। শুধু তাই নয়, আরও বেশ কয়েকটি নারী নির্যাতনেরও ঘটনা সামনে এসেছে। শুধু তাই নয়, তারেকের বাংলাদেশে সুরক্ষিত নন ছাত্ররাও।
জানা গিয়েছে, পদ্মাপারের জেলা ফরিদপুর চরভদ্রাসন থানা এলাকার এক ছাত্রের অভিযোগ, শিক্ষকের কাছে সে একাধিকবার ধর্ষণের শিকার হয়েছে। এরপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনা জানাজানি হতেই অভিযুক্ত শিক্ষককে ঘিরে ধরে চলে বিক্ষোভ। শুধু তাই নয়, গাছের সঙ্গে বেঁধে দেওয়া হয় গণপিটুনিও। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে বাংলাদেশের চরভদ্রাসন থানার পুলিশ। কোনওরকমে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত ওই শিক্ষককে উদ্ধার করে পুলিশ। প্রথমে আটক করা হলে পরে ওই অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত এক আধিকারিক জানান, একাধিকবার ওই ছাত্রকে ধর্ষণ করে অভিযুক্ত ওই শিক্ষক। এরপরেই তাঁকে গ্রেপ্তার করা হয়।
