প্রকাশিত: ০৯:১১, ১২ অক্টোবর ২০২৬ আপডেট: ০৯:২১, ১২ অক্টোবর ২০২৬
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
তাজমিন হত্যা মামলায় তার কথিত প্রেমিক রাজুকে (মাঝে) আটক করেছে পুলিশ
কুমিল্লার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যা মামলার তদন্তে তার কথিত প্রেমিক রাজুকে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে আটক করেছে পুলিশ।
রবিবার (১১ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী।
মামলার তদন্ত কর্মকর্তা কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক অর্ণব বড়ুয়া জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে।
তিনি বলেন, “এ হত্যাকাণ্ডের সঙ্গে রাজুর জড়িত থাকার তথ্য প্রাথমিকভাবে আমরা পাইনি। তবে, কোনো হত্যাকাণ্ডের নানা দিক থাকে। সেসব বিবেচনায় ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। একজন নাবালিকাকে যেভাবে কক্সবাজার এনে বিপদে ফেলা হয়েছে, সেটিও আইনের চোখে স্বাভাবিক নয়।”
এর আগে, রবিবার সন্ধ্যায় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাজু দাবি করেন, রাতে তাজমিন কুমিল্লা শহরে নিজেদের বাসায় গিয়ে প্রধান ফটক বন্ধ দেখতে পায়। মা-বাবাকে ফোন করেও সাড়া না পেয়ে বিষয়টি তাকে জানায়। পরে এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করে সকালে বাসায় ফেরার কথা জানালে তিনি তাজমিনকে ভিডিও কল করেন। এ সময় তাজমিনকে একটি সিএনজিচালিত অটোরিকশায় দেখতে পান বলে দাবি করেন রাজু। এ নিয়ে তিনি তাজমিনকে বকাঝকাও করেছিলেন বলে জানান।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. অহিদুর রহমান বলেন, “তাজমিনের সঙ্গে রাজুর যোগাযোগের বিষয়টি সামনে আসায় সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়েছে। তাজমিন হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার প্রমাণ এখনো পাওয়া যায়নি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাজমিনের সঙ্গে কথা হতো, তাদের সম্পর্ক ছিল, তাজমিন তার কাছে এসে এক রাত ছিল এবং পরে তাকে গাড়িতে তুলে দিয়েছিলেন এসব বিষয় রাজু স্বীকার করেছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।”
