কুমিল্লা সীমান্তে মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিতে গিয়ে ভারতে প্রবেশ করা ব্রাহ্মণপাড়াথানার দুই পুলিশ সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে কুমিল্লা সীমান্তের নারায়ণপুর এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে দুই পুলিশ সদস্যকে হস্তান্তর করা হয়। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে গিয়ে ভুলবশত ভারতের বিএসএফের হাতে আটক হওয়া দুই পুলিশ সদস্য হলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানাপুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর ) রাত দশটার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার আশারবাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে মাদক প্রবেশ করছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে সিএনজিচালিত অটোরিকশায় করে আশারবাড়ি এলাকায় যান। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করলে ওই দুই পুলিশ সদস্য তাদের ধাওয়া দেন। একপর্যায়ে ভুলবশত পুলিশ কনস্টেবল রোহিত দেওয়ান ভারতের ভূখণ্ডে প্রবেশ করেন অজ্ঞতাবশত। এসময় স্থানীয় কয়েকজন ভারতীয় বাসিন্দা রোহিতকে আটক করে বিএসএফকে জানান। একই সময়ে এএসআই ইমরান রোহিতকে ছাড়িয়ে আনতে গেলে তাকেও আটক করে দুজনকেই হেফাজতে নেওয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, শুক্রবার দুপুর দেড়টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই পতাকা বৈঠকের মাধ্যমে দুই পুলিশ সদস্যকে বুঝে নেয় বিজিবি। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পতাকা বৈঠকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর পক্ষে ৬০ বিজিবির অধিনায়ক কর্নেল এসএম শরীফুল ইসলামের নেতৃত্বে এ সময় দেবীদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শাহিন, ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন এবং শশীদল বিওপির কমান্ডার সুবেদার মোহাম্মদ তাকবীর হোসেন উপস্থিত ছিলেন।
আরিফ আজগর/ এনটি
