লং মার্চ করে যদি বিদ্যুৎ উৎপাদন সম্ভব হতো, তবে সবার আগে বিএনপি লং মার্চ করত, এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইফ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি।
আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বরগুনা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। বর্তমানে তিনি সাত দিনের সরকারি সফরে বরগুনায় অবস্থান করছেন।
চিফ হুইফ বলেন, দেশের মানুষের সার্বিক কল্যাণ ও ভাগ্যোন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর। বিশেষ করে তরুণ সমাজকে কর্মক্ষম ও দক্ষ করে তুলতে সবাইকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।
সাবেক ও বর্তমান সরকার প্রধানের জীবনযাপনের তুলনামূলক চিত্র তুলে ধরে নুরুল ইসলাম মনি বলেন, বিগত সরকার প্রধানের বিলাসবহুল জীবনযাপনের বিপরীতে বর্তমান সরকার প্রধানের সাধারণ ও হিসেবী জীবনযাপন দেশের মানুষের ভাগ্যোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু খাবার বাবদ বছরে ৩৫ কোটি টাকা খরচ করতেন, আর সেখানে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি বেলায় মাত্র ১৫০ টাকা খরচ করছেন।
মতবিনিময়সভায় স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
