সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ২ জন বাংলাদেশি নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। তন্মধ্যে ৪ জন শংকামুক্ত হলেও এক জনের অবস্থা আশঙ্কাজনক।
রিয়াদের বাংলাদেশ দূতাবাসের শ্রমকল্যাণ উইং থেকে পাঠানো সবশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে জানানো হয়, শনিবার বিকেল আনুমানিক সোয়া ৩টার দিকের ওই হামলায় বিভিন্ন দেশের মোট ১৩ জন নিহত হন, আহত হন ৩০৯ জন। নিহতদের মধ্যে দুইজন বাংলাদেশি। আহত হয়েছেন ২৭ জন বাংলাদেশি, তাদের মধ্যে ১১ জন সৌদি আরব প্রবাসী কর্মী এবং ১৬ জন ওমরাহ ভিসার যাত্রী।
আহত ২৭ জন বাংলাদেশি কর্মীর মধ্যে ১২ জনকে প্রাথমিক চিকিৎসার পর রিলিজ দেয়া হয়েছে। বর্তমানে ১৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। তন্মধ্যে ৪ জন শংকামুক্ত হলেও ওমরাহ ভিসায় আগত নওগাঁর বাসিন্দা সাফফাত রহমানের অবস্থা আশঙ্কাজনক।
আহত সকল বাংলাদেশির সুচিকিৎসা নিশ্চিতকরণ এবং তাদের সর্বশেষ আপডেট জানতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাসের সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত আছে।
এ ঘটনায় বাংলাদেশ হতে আগত এবং বাংলাদেশগামী প্রায় পাঁচ শতাধিক বাংলাদেশি রিয়াদস্থ বিমানবন্দরে আটকা পড়ে ছিলেন। তন্মধ্যে ওমরাহ পালনের উদ্দেশ্যে আগত ১৭ জনকে মেরিয়ট হোটেল, ২৫ জনকে রেডিসন ব্লু হোটেল এবং ৪০ জনকে রিয়াদস্থ প্রিন্সেস নূরা বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে সরিয়ে আনা হয়েছে।
রিয়াদ-টু-ঢাকাগামী সৌদিয়া এয়ারলাইন্সের বাতিলকৃত ফ্লাইট নম্বর SV804 এর প্রায় ৪০০ জন বাংলাদেশি যাত্রীকে বিমানবন্দর কর্তৃপক্ষ, সৌদি ইমিগ্রেশন ও সংশ্লিষ্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষের সহায়তায় দাম্মামস্থ কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর হতে বাংলাদেশে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
৩ জন বাংলাদেশি পাসপোর্ট হারিয়ে ফেলায় তাদের অনুকূলে জরুরি ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছে।
সৌদি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ইতোমধ্যে রিয়াদস্থ কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে।
ফলে উক্ত স্থগিতাবস্থা প্রত্যাহার এবং বিমান চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ হতে রিয়াদে কর্মী আগমন, রিয়াদ হতে বাংলাদেশে সাধারণ কর্মী ও অসুস্থ ব্যক্তিদের প্রত্যাবর্তন এবং মৃতদেহ প্রেরণ বাধাগ্রস্ত হবে।
বাংলাদেশ দূতাবাস সৌদি আরবের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং বাংলাদেশি নাগরিকদের যে কোন জরুরি সেবা প্রদানে সর্বদা প্রস্তুত আছে। এ অবস্থায়, সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পাঠানো হলো।
এনআই/বিআরইউ
