সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে উপজেলার মান্নারগাঁও, দোয়ারাবাজার সদর ও নরসিংপুর ইউনিয়নে এ কার্যক্রম শুরু হবে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় দোয়ারাবাজার উপজেলা পরিষদের কনফারেন্স রুমে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে আয়োজিত এক অবহিতকরণ প্রেস কনফারেন্সে এসব তথ্য জানানো হয়।
সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমের প্রতিপাদ্য হলো—‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’। নারীর ক্ষমতায়ন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং পরিবারকে আর্থিক ও সামাজিকভাবে স্বাবলম্বী করে তোলাই এ কার্যক্রমের অন্যতম লক্ষ্য।
প্রেস কনফারেন্সে জানানো হয়, দেশব্যাপী পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে দোয়ারাবাজার উপজেলায় সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হয়েছে।
তথ্য সংগ্রহকারীরা বিশেষায়িত ট্যাবলেট ডিভাইস ব্যবহার করে বাড়ি বাড়ি গিয়ে সরেজমিনে পরিবারের তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্য সরাসরি অনলাইন ডেটাবেজে অন্তর্ভুক্ত করা হবে। এ কার্যক্রমে মোবাইল নেটওয়ার্ক ও প্রযুক্তিনির্ভর পদ্ধতি ব্যবহার করা হবে, যাতে তথ্য সংগ্রহের কাজ সুষ্ঠু ও কার্যকরভাবে সম্পন্ন করা যায়।
তথ্যপত্রে উল্লেখ করা হয়, পরিবারের আর্থসামাজিক অবস্থা বিবেচনায় নিয়ে অতিদরিদ্র, দরিদ্র, ঝুঁকিপূর্ণ নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত—এমন বিভিন্ন শ্রেণিতে পরিবারগুলোকে ভাগ করার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া ফ্যামিলি কার্ড প্রদানের ক্ষেত্রে নারী পরিবারপ্রধানদের বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তবে উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে নির্ধারিত নীতিমালা ও যোগ্যতার শর্ত অনুসরণ করা হবে।
প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ, দোয়ারাবাজার প্রেসক্লাবের প্রচার সম্পাদক নুর মোহাম্মদ, প্রেসক্লাবের সদস্য মো. আবু কাহার হৃদয়, উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক এবং ফ্যামিলি কার্ড কার্যক্রমে তথ্য সংগ্রহের দায়িত্বে নিয়োজিত সুপারভাইজারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
The post দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত appeared first on ভোরের চেতনা.
