রংপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক অনিমা জামান প্রমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় শুক্রবার বিকেলে নগরীর নিউ ইঞ্জিনিয়ারপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করা হলে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
গ্রেপ্তার অনিমা জামান প্রমা ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজির (সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়) নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক। তার বাবা আতাউর জামান বাবু রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের কার্যক্রম নিষিদ্ধ শাখার সভাপতি।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে কোতোয়ালী থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল নগরীর ২০ নম্বর ওয়ার্ডের নিউ ইঞ্জিনিয়ারপাড়ায় যৌথ অভিযান চালিয়ে প্রমাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। সন্ধ্যায় তাকে আদালতে হাজির করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি বলেন, প্রমার বিরুদ্ধে গোপনে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১১ এপ্রিল তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনোনীত হন প্রমা। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আড়ালে চলে যান।
এর আগে, গত বছরের ১৪ আগস্ট নিউ ইঞ্জিনিয়ারপাড়ার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন প্রমার বাবা আতাউর জামান বাবু। জুলাই গণঅভ্যুত্থানের সময় হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে।
