পঞ্চগড় প্রতিনিধি
দেশের উত্তরের জেলাগুলোতে শীতের দাপট বাড়ছে। পঞ্চগড়ের ওপর দিয়ে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা নেমে এসেছে এক অঙ্কে। এতে করে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, আজ শনিবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। শুক্র ও বৃহস্পতিবারও একই তাপমাত্রা ছিল। টানা তিনদিন ধরে এলাকায় শৈত্যপ্রবাহ বিরাজ করছে। ভোর ও রাতে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। দিনের বেলা সূর্যের দেখা মিললেও তীব্রতা কম। মাঝেমধ্যে ১০ থেকে ১২ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঠান্ডা বাতাসে দুর্ভোগ বাড়ছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
