বিনিয়োগ প্রস্তাব জমা হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পর্যটনমন্ত্রীর
খোলা বাজার অনলাইন, ডেস্ক:
- আপডেট সময় : ০৯:৫৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে
বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগ নিয়ে জাপানি বিনিয়োগকারীদের সঙ্গে সভায় বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ছবি- সংগৃহীত।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে প্রাথমিকভাবে ১ দশমিক ২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন জাপানি বিনিয়োগকারীরা। রোববার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ ঘোষণা দেওয়া হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
সভায় মন্ত্রী বলেন, বাংলাদেশ পর্যটনের অপার সম্ভাবনাময় একটি দেশ। এখানে রয়েছে প্রকৃতি, ঐতিহ্য ও সংস্কৃতির বৈচিত্র্যময় সমাহার। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজার এবং সিলেটের চা-বাগানসহ দেশের বিভিন্ন পর্যটন আকর্ষণ বিদেশি বিনিয়োগের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হতে পারে। সরকার দেশের পর্যটন খাতে বিদেশি বিনিয়োগকে স্বাগত জানায়।
জাপানের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে জাপান সহযোগিতা করে আসছে। পর্যটন খাতের বিকাশেও জাপানি বিনিয়োগকারীদের সহযোগিতাকে সরকার স্বাগত জানাবে। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে সরকার পারস্পরিক লাভজনক অংশীদারত্বের ভিত্তিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) মডেলে কাজ করতে আগ্রহী।
সভায় জাপানি প্রতিনিধিরা বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে তাঁদের আগ্রহের কথা জানান। তাঁরা বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে একসঙ্গে কাজ করতে প্রস্তুত বলেও জানান। এ সময় পর্যটন ও আতিথেয়তা খাতে প্রাথমিকভাবে ১ দশমিক ২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়।
জাপানি বিনিয়োগকারীদের আগ্রহকে স্বাগত জানিয়ে পর্যটনমন্ত্রী বলেন, বিনিয়োগ প্রস্তাব আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হলে সরকার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পাশাপাশি বিনিয়োগকারীদের দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্র পরিদর্শনের ব্যবস্থা করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে দ্রুত উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

