বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) উপপরিচালক সঞ্জিব কুমার সিংহকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওএসডির আদেশ প্রত্যাহার এবং তার দাপ্তরিক কক্ষের সিলগালা খুলে দেওয়ার আবেদন ৩০ দিনের মধ্যে আইনানুগভাবে নিষ্পত্তি করতে বিটিআরসি চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন আদালত। গত মঙ্গলবার বিচারপতি এসএম মনিরুজ্জামান ও বিচারপতি এসএম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. সৈয়দা নাসরীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম জামিউল হক ফয়সাল ও কামরুজ্জামান কাকন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. কামাল পারভেজ।
রিট থেকে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর বিটিআরসির উপপরিচালক (মানবসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা) স্বাক্ষরিত আদেশে সঞ্জিব কুমার সিংহকে ওএসডি করা হয়।
