ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ বলেছেন, বিএনপি সবসময় সব ধর্মের মানুষের স্বাধীনতায় বিশ্বাস করে। বিএনপি সরকার ক্ষমতায় থাকলে দেশের সব সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারে।
সোমবার রাতে ফরিদপুরের আলফাডাঙ্গায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এদিন রাতে তিনি পৌর এলাকার কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির ও শ্রী শ্রী বিষ্ণু পাগলের আশ্রমের পূজামণ্ডপ পরিদর্শনে যান।
পরিদর্শনকালে জেলা পরিষদের প্রশাসক পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তা ও উৎসবের পরিবেশের খোঁজখবর নেন। এ সময় তিনি পূজামণ্ডপে নগদ আর্থিক অনুদান হস্তান্তর করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ করেন। এ ছাড়া মন্দিরের সার্বিক উন্নয়নের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে ভবিষ্যতে আরও অনুদান দেওয়ার ঘোষণা দেন।
অনুষ্ঠানে আফজাল হোসেন পলাশ আরও বলেন, আমাদের আবহমান বাংলার সম্প্রীতির যে ঐতিহ্য, তা রক্ষায় বিএনপি সবসময় রাজপথে ও জনগণের পাশে ছিল এবং থাকবে। সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রেখে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপনে আমাদের এই সার্বিক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পূজামণ্ডপ পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক নুর জামাল খসরু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদ, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নেয়ামত হোসেন পারভেজ, পৌর বিএনপির প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর ও বিএনপি নেতা কামরুল ইসলাম খাজা প্রমুখ।
