শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় খাগালিয়া কান্দিপাড়া খেলার মাঠে গ্রামবাসীর উদ্যোগ ও সার্বিক সহযোগিতায় এ ফাইনাল ম্যাচের আয়োজন করা হয়। খেলা ঘিরে পুরো গ্রামে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। মাঠের চারপাশে জড়ো হন হাজারো দর্শক। তাঁদের করতালি, উল্লাস ও আনন্দধ্বনিতে মুখর হয়ে ওঠে খেলার মাঠ।
ফাইনালে মুখোমুখি হয় খাগালিয়া পশ্চিমপাড়া একাদশ ও খাগালিয়া পূর্বপাড়া একাদশ। নির্ধারিত সময়ে দুই দলের খেলোয়াড়েরা আক্রমণ-পাল্টা আক্রমণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেন। তবে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচটি গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে ২-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে পশ্চিমপাড়া একাদশ। বিজয়ী দলের খেলোয়াড় ও সমর্থকদের উচ্ছ্বাসে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন খাগালিয়া পশ্চিমপাড়া একাদশের হাতে পুরস্কার হিসেবে একটি ফ্রিজ তুলে দেওয়া হয়। অন্যদিকে, রানার্সআপ খাগালিয়া পূর্বপাড়া একাদশ পায় একটি ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন। টুর্নামেন্টটির পৃষ্ঠপোষকতা করেন ভলাকুট ইউনিয়নের কান্দি গ্রামের কৃতী সন্তান, মালদ্বীপপ্রবাসী সমাজসেবক ও ২ নম্বর ভলাকুট ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মুক্তার হোসেন। মালদ্বীপ থেকে ভিডিও কলে যুক্ত হয়ে তিনি বলেন, “বিগত ১৭ বছর ফ্যাসিবাদীদের আমলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা হারিয়ে গিয়েছিল। যুবসমাজকে পরিকল্পিতভাবে ধ্বংসের পথে ঠেলে দেওয়া হয়েছিল। এখন সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। প্রতিটি ইউনিয়নে, প্রতিটি গ্রামে এ ধরনের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করতে হবে।”
তিনি আরও বলেন, “খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। যারা নিয়মিত খেলাধুলা করে, তাদের মন-মানসিকতা ভালো থাকে, শরীর সুস্থ থাকে। একটি সুন্দর, মাদকমুক্ত ও আদর্শ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তাই আমি সবাইকে বেশি বেশি খেলাধুলার আয়োজন করার আহ্বান জানাচ্ছি।”
খাগালিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আরাফাত আলীর সভাপতিত্বে এবং তরুণ ব্যবসায়ী মো. শামীম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের পাশাপাশি উপস্থিত ছিলেন সাংবাদিক নিহারেন্দু চক্রবর্তী, সাংবাদিক শামীম আহমেদ, সাংবাদিক মো. সাইফুল ইসলাম ও সাংবাদিক ওয়ালী রহমান। এ ছাড়া আশপাশের বিভিন্ন গ্রামের বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী মানুষ ফাইনাল খেলা উপভোগ করেন। গ্রামবাসী জানান, এ ধরনের ক্রীড়া আয়োজন এলাকার মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজন অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
The post নাসিরনগরে চাইনিজবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, টাইব্রেকারে চ্যাম্পিয়ন পশ্চিমপাড়া appeared first on ভোরের চেতনা.
