ঢাকা,১৯ অক্টোবর-স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘জুলাই একদিনে সংঘটিত হয়নি। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে চলা গণতান্ত্রিক সংগ্রামের ফল হিসেবেই ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে।’
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা হয়েছে। এই জুলাই জাতীয় জীবনের দিকনির্দেশনা দেয়। জুলাই একদিনে সংঘটিত হয়নি। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত অবিরাম ধারাবাহিক গণতান্ত্রিক সংগ্রামের ফল হিসেবেই ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, রক্তাক্ত গণ-অভ্যুত্থানের ইতিহাস জাতীয় জীবনে চিরদিন জাগ্রত থাকবে এবং তা আমাদের অনুপ্রেরণা জোগাবে। ভবিষ্যৎ নির্মাণের ক্ষেত্রে জুলাইকে পথনির্দেশক হিসেবে বিবেচনা করা হয়। অনেক সাহিত্যিককে তাঁদের সাহিত্যকর্ম, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জুলাইয়ের ঘটনা তুলে ধরতে হবে। শুধু জুলাই মাস এলেই বা প্রতিবছর অনুষ্ঠান আয়োজন করেই এর দায়িত্ব শেষ করা যাবে না। শহীদদের রক্তের অঙ্গীকার, জাতীয় জীবনের প্রত্যাশা, জুলাইয়ের প্রত্যাশা এবং জনজীবনের প্রত্যাশা যত দিন পূরণ না হবে, তত দিন শহীদদের মর্যাদা প্রতিষ্ঠিত হবে না।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা প্রক্রিয়া শেষ করে এসেছি। কিছু অংশ সাংবিধানিক, আর কিছু অংশ আইনবিষয়ক। আইনি ও বিধিবিধানের বিষয়গুলো চলমান প্রক্রিয়ার অংশ। আমরা এমন একটি সাংবিধানিক প্রক্রিয়া আনতে চাই, যেটাকে অনেকে সংস্কার বলতে পারেন। তাঁরা সংস্কার বলে সন্তুষ্ট থাকলে আমাদের আপত্তি নেই। কিন্তু বিরোধী দল হিসেবে তাঁরা এখন পর্যন্ত সংশোধন প্রক্রিয়ায় সহযোগিতা করছেন না।’
তিনি আরও বলেন, জুলাই ছাত্র-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চান তাঁরা। এই বাংলাদেশ গড়ে তোলার জন্য তাঁদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান পরিকল্পনা ঘোষণা করেছেন এবং তা বাস্তবায়ন করে চলেছেন। শহীদদের সব আকাঙ্ক্ষাই তাঁদের সেই পরিকল্পনার অংশ।
এস এম/ ১৯ অক্টোবর ২০২৬
