খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামসু বাজারসংলগ্ন বটিলা চিতাখোলা এলাকা থেকে আনুমানিক ৩৮ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে স্থানীয় বাসিন্দারা বটিলা চিতাখোলা এলাকার একটি গাছে মরদেহটি ঝুলতে দেখেন। পরে তাঁরা গুইমারা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনার পর নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পুলিশ স্থানীয় ইউপি চেয়ারম্যান, কারবারি (পল্লীপ্রধান) ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে। তবে তাৎক্ষণিকভাবে কেউ তাঁর পরিচয় নিশ্চিত করতে পারেননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী জানান, খবর পেয়ে যৌথভাবে অভিযান চালিয়ে এক অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত তাঁর পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ময়নাতদন্তের জন্য মরদেহটি খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
এমএ
