আজকাল ওয়েবডেস্ক: বাংলায় খ্রিস্টানদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘বঙ্গীয় খ্রিস্টীয় পরিষেবা’ (বিসিপি) গির্জা ও প্রার্থনা সভায় হামলার অভিযোগ নিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে। এই সংগঠনের অভিযোগ, গির্জায় হামলা নিয়ে রাজ্য সরকার নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিচ্ছে না।
বুধবার মোহন ভাগবতের কাছে পাঠানো এক চিঠিতে বিসিপি একটি ‘ব্যক্তিগত সাক্ষাতের’ আবেদন জানিয়েছে। এতে লন্ডন ও নিউ ইয়র্ক সফরের সময় সামাজিক সম্প্রীতি নিয়ে ভাগবতের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। সংগঠনটির মতে, ভাগবতের সম্প্রীতি বিষয়ক বার্তার সঙ্গে বাংলায় খ্রিস্টানদের ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার পরিস্থিতির তীব্র বৈপরীত্য রয়েছে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক হেরোদ মল্লিক জানিয়েছেন, বিজেপি-নেতৃত্বাধীন রাজ্য সরকারের কাছে বারবার আবেদন জানিয়েও কোনও সাড়া না পাওয়ায় তারা আরএসএস প্রধানের দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন।
হেরোদ মল্লিক বলেন, “সত্য উদঘাটনের জন্য নিরপেক্ষ তদন্তের বিষয়ে আমাদের বারবার করা আবেদন রাজ্য সরকার উপেক্ষা করেছে। উল্টে, শাসক দল ও প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ওই হামলাকে সংখ্যালঘুদের উপর ‘জনগণের প্রতিবাদ’ বলে উড়িয়ে দিয়েছেন।” তিনি অভিযোগ করেন যে, সরকার ও স্থানীয় প্রশাসন নীরব থেকে পরোক্ষভাবে খ্রিস্টান সম্প্রদায়ের ওপর হয়রানিকে উৎসাহিত করছে।
সংগঠনটির দাবি, জোর করে ধর্মান্তকরণের ভিত্তিহীন অভিযোগ তুলে গির্জায় হামলা, ভাঙচুর ও উপাসনালয় অপবিত্র করার ঘটনা বারবার ঘটছে। তারা এসব অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে এবং ভাগবতকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে। তাদের যুক্তি, যারা হিংসার জন্য দায়ী, তাদের কাজকে বৈধতা দেওয়ার জন্য ‘ধর্মীয় সুরক্ষা’র অজুহাত ব্যবহারের সুযোগ দেওয়া উচিত নয়।
‘বঙ্গীয় খ্রিস্টীয় পরিষেবা’ আশা প্রকাশ করেছে যে, ভাগবতের হস্তক্ষেপ বাংলা-সহ অন্যান্য রাজ্যে খ্রিস্টানদের সুরক্ষায় সহায়তা করবে।
