প্রাক্তন সকলের জীবনেই থাকে। কিন্তু এতদিন তা নিয়ে আলোচনা এড়িয়ে যেতেই পছন্দ করতেন সকলে। কিন্তু যুগ পালটেছে। এখন নতুন করে প্রেমে পড়লে বা ডেটে গেলে প্রায় সকলেই প্রাক্তনকে নিয়ে আলোচনা করেন। স্মৃতির স্মরণী বেয়ে পৌঁছে যান অতীতে। কিন্তু জানেন কি এর একটা দারুণ দিক রয়েছে। গবেষণা বলছে, প্রাক্তনের সম্পর্কে আপনার মনোভাবই বলে দেয়, আপনি আদতে কেমন মানুষ।
ব্যাপারটা ঠিক কী? ডেটিং অ্যাপ ‘কোয়াককোয়াক’ একটি সার্ভে করে শহর, শহরতলি এবং মফস্বল এলাকার প্রায় ১১,০০০ জনের উপর। এতে দেখা গিয়েছে, ডেটিংয়ে অংশগ্রহণকারীরা এখন কেবল পারস্পরিক ভালো বোঝাপড়ায় সন্তুষ্ট নন। সঙ্গীর অতীতের সম্পর্ক নিয়ে তারা ভীষণ আগ্রহী। আর এটা একেবারেই গসিপ নয়। কারণ, প্রাক্তনের প্রতি আচরণই বলে দেয় নতুন সম্পর্ক আদৌ দীর্ঘস্থায়ী হবে কি না। ফলে উলটোদিকের মানুষটাকে বুঝতেই প্রাক্তনের ইতিবৃত্ত জানতে চান সকলে।
আসলে ডেটিংয়ের শুরুতে সকলেই পছন্দের মানুষের কাছে নিজেকে পারফেক্ট প্রমাণ করার চেষ্টা করেন। ফলে কথা বলার সময় অনেক ভাবনাচিন্তা করেন তাঁরা। কিন্তু প্রাক্তন প্রসঙ্গ উঠলে নিজেকে সামলানোর ক্ষমতা অধিকাংশেরই থাকে না। কেউ বিচ্ছেদের দায় স্বীকার করে নেন, কেউ আবার সব দোষ কেবল অপরপক্ষের উপরই চাপায়। কেউ প্রাক্তনের কথা বলার সময় তিক্ততা প্রকাশ ছাড়া কিছুই করে না। আর এখানেই পরিচয় মেলে আপনার মানসিকতার। যা প্রমাণ উলটোদিকের মানুষটাকে বুঝতে সাহায্য করে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া ঠিক হবে কি না।
