সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালানোর চেষ্টাকালে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল আহমেদকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্ট ও কাগজপত্র পেশ করলে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করেন।
খবর পেয়ে গোয়াইনঘাট থানার আওতাধীন তামাবিল পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত হন এবং দুপুর ১২টা ৫০ মিনিটে জৈন্তাপুর থানা পুলিশের একটি বিশেষ দল তাকে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করে। গ্রেফতার কামাল আহমেদের বিরুদ্ধে একাধিক নাশকতা ও ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, এর আগে ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর রাতে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের গোয়াবাড়ি সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালানোর সময় কামাল আহমেদ ও তার ভাই সাদেক আহমেদকে দুটি পাসপোর্ট, নগদ ১৪ হাজার ২০০ ভারতীয় রুপি, চার হাজার টাকা ও তিনটি মোবাইলসহ আটক করেছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরবর্তীতে ২০২৪ সালের ৪ আগস্ট সংঘটিত রাজনৈতিক সহিংসতা, বেআইনি সীমান্ত পারাপার ও অন্যান্য একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।
