খাগড়াছড়ির পানছড়ি সীমান্ত এলাকায় শুক্রবার (১৬ অক্টোবর) রাতে বিশেষ অভিযান চালিয়ে একটি সাবমেশিনগান (এসএমজি), ১০০ রাউন্ড গুলি ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৌদ্ধমনিপাড়া বিওপির নায়েব সুবেদার মো. এমদাদুল হকের নেতৃত্বে বিজিবির একটি টহলদল সীমান্ত এলাকায় নিয়মিত দায়িত্ব পালনকালে এই অভিযান পরিচালিত হয়। বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার রাত সোয়া আটটার দিকে টহলদলটি কচুছড়িমুখ পাড়া এলাকায় পৌঁছালে অন্ধকারে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতি লক্ষ্য করে। পরবর্তীতে কৌশলগত অবস্থান নিয়ে সামনে অগ্রসর হলে সীমান্ত-সংলগ্ন পাহাড় থেকে কাঁধে ব্যাগ নিয়ে ১০ থেকে ১২ জনের একটি দলকে সীমান্ত সড়কে নেমে আসতে দেখা যায়। এ সময় বিজিবি সদস্যরা তাদের থামার নির্দেশ দিলে দলটি পালানোর চেষ্টা করে। পরে বিজিবির টহলদল তাদের ধাওয়া করলে সন্দেহভাজন ব্যক্তিরা দ্রুত পাশের পাহাড়ের ঘন জঙ্গলের ভেতরে পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থল ও এর আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে একটি পরিত্যক্ত ব্যাগ থেকে ৭.৬২ মিলিমিটারের একটি এসএমজি, ১০০ রাউন্ড তাজা গুলি এবং দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবির পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম জানান, সীমান্তে শান্তিশৃঙ্খলা বজায় রাখা, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ প্রক্রing অনুসরণ করে পানছড়ি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
