বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে বহুমুখী অংশীদারত্ব সম্প্রসারণ এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে একমত হয়েছেন দুই দেশের নেতারা।
উজবেকিস্তান সফররত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট শভকাত মির্জিয়োয়েভের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনকারী খলিলুর রহমান সমরকন্দে অনুষ্ঠেয় বিশ্ব সম্মেলনে যোগ দিতে উজবেকিস্তান পৌঁছেছেন। শিশুদের কল্যাণে বিনিয়োগ: ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই ও ন্যায়সংগত উন্নয়নের পথে শীর্ষক সম্মেলনটি ২১ ও ২২ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (২১ অক্টোবর) ঢাকায় পাওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে অভিনন্দন জানান প্রেসিডেন্ট মির্জিয়োয়েভ। তিনি উল্লেখ করেন, এই পদে দায়িত্ব নেওয়ার পর খলিলুর রহমান প্রথম দেশ হিসেবে উজবেকিস্তান সফর করছেন।
এ সময় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের পক্ষ থেকে উজবেক প্রেসিডেন্টকে উষ্ণ শুভেচ্ছা জানান খলিলুর রহমান।
বৈঠকে জাতিসংঘ ও এর বিভিন্ন সংস্থার সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ ও জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন, মধ্য এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নেওয়া, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং শান্তির সংস্কৃতি ও বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সংলাপের পরিবেশ গড়ে তুলতে গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ অভিন্ন আগ্রহ পুনর্ব্যক্ত করে।
সাম্প্রতিক বছরগুলোতে উজবেকিস্তানের উদ্যোগে জাতিসংঘ সাধারণ পরিষদে ১৫টি প্রস্তাব গৃহীত হয়েছে। এর মধ্যে চলতি বছর গৃহীত হয়েছে দুটি প্রস্তাব।
এ ছাড়া, ২০৩৫-২০৩৬ মেয়াদের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদে প্রার্থিতার ঘোষণা দিয়েছে উজবেকিস্তান।
