রাশিয়ায় আটক থাকা নিয়ে এনএইচকে'র সাথে কথা বলেছেন ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক
জাপানের সরকারি কর্মকর্তাদের ভাষ্যানুযায়ী, গুপ্তচরবৃত্তির সন্দেহে রাশিয়ায় আটক এক জাপানি সংবাদপত্র প্রতিবেদকের সঙ্গে তারা যোগাযোগ করতে পারেননি। তিন বছর আগে একই ধরনের অভিযোগে রাশিয়ায় আটক হওয়া এক মার্কিন সাংবাদিক, এক বছরেরও বেশি সময় ধরে আটক থাকাকালীন তার অভিজ্ঞতার কথা জানিয়েছেন।
মঙ্গলবার রুশ ফেডারেল সিকিউরিটি সার্ভিস জানায় যে, তারা সুদূর পূর্বাঞ্চলীয় সাখালিন থেকে ‘দ্য হোক্কাইদো শিম্বুন প্রেস’এর একজন সংবাদদাতাকে আটক করেছে।
গতকাল শুক্রবার, দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদক ইভান গার্শকোভিচ এনএইচকে'কে একটি সাক্ষাৎকার দেন। ২০২৩ সালের মার্চ মাসে মধ্য রাশিয়ার ইয়েকাতেরিনবুর্গ শহর থেকে তাকে আটক করা হয় এবং ২০২৪ সালের জুলাই মাসে তাকে ১৬ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। পরবর্তীতে বন্দি বিনিময়ের মাধ্যমে তিনি মুক্তি পান।
তিনি বলেন, এটি মানসিকভাবে কষ্টকর ছিল এবং খুবই বিচ্ছিন্ন একটি কারাগার ছিল। তিনি আরও বলেন, কারাকক্ষটি ছিল খুবই ছোট। বন্দীরা যেকোনো দিকে মাত্র ছয় বা সাত কদম হাঁটতে পারতেন।
গার্শকোভিচের ভাষ্যমতে, সাধারণ দিনে বন্দীরা ২৩ ঘণ্টা কারাকক্ষে কাটাত এবং কারাগারের ছাদে হাঁটার জন্য এক ঘণ্টা সময় দেয়া হতো।
এই মার্কিন সাংবাদিকের ভাষ্যানুযায়ী, কারাগারে পাওয়া চিঠিগুলো তার জন্য খুবই সহায়ক ছিল। বন্ধু, সহকর্মী ও পরিবারের কাছ থেকে পাওয়া ব্যাপক সমর্থন তাকে এই অনুভূতি দিয়েছিল যে তিনি একা নন।
তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে তার ধারণা, মামলাটি সাজানো এবং রুশরা তাকে ফাঁসিয়েছে। তিনি এই ইঙ্গিত দেন যে, এটি বিদেশে আটক রুশ নাগরিকদের মুক্তির লক্ষ্যে দেশটির পরিচালিত 'জিম্মি কূটনীতি'।