বিক্রয় ও ক্রয়ের তথ্য গোপন এবং বিভিন্ন সেবা গ্রহণের বিপরীতে উৎসে মূল্য সংযোজন কর (ভ্যাট) সরকারি কোষাগারে জমা না দেওয়ার অভিযোগ উঠেছে তালুকদার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠান তালুকদার প্লাস্টিক কোং লিমিটেডের বিরুদ্ধে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিরীক্ষায় ২০২০-২১ ও ২০২১-২২ অর্থবছরে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৯ কোটি ৬৬ লাখ ৫২ হাজার ১৭৯ টাকার অপরিশোধিত ভ্যাট শনাক্ত হয়েছে। এর সঙ্গে ৪ কোটি ১১ লাখ ৭৫ হাজার ৮৮৩ টাকা সুদ যোগ করে মোট ১৩ কোটি ৭৮ লাখ ২৮ হাজার ৬২ টাকা আদায়ের দাবিতে মামলা করা হয়েছে।
এনবিআরের মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের নিরীক্ষা প্রতিবেদনের সারসংক্ষেপে এসব তথ্য উঠে এসেছে। তবে ভ্যাট ফাঁকির অভিযোগ অস্বীকার করেছে প্রতিষ্ঠানটি। তাদের দাবি, নিরীক্ষায় কিছু ব্যাংক লেনদেনকে বিক্রয় হিসেবে গণ্য করায় হিসাবের পার্থক্য তৈরি হয়েছে। ভ্যাট গোয়েন্দার নির্ধারিত হিসাব নিয়েও আপত্তি জানিয়েছে তারা।
বিক্রয়ের তথ্যে বড় গরমিল
নিরীক্ষা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির ভ্যাট রিটার্নে প্রদর্শিত বিক্রয় এবং নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে উল্লেখ করা বিক্রয়ের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য পাওয়া গেছে। ২০২০-২১ অর্থবছরে ৬ কোটি ৩৬ লাখ ৭৩ হাজার ৮২৭ টাকার বিক্রয় ভ্যাট রিটার্নে দেখানো হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরবর্তী অর্থবছরেও বিক্রয়ের তথ্য গোপনের অভিযোগ রয়েছে।
এ খাতে দুই অর্থবছরের অপরিশোধিত ভ্যাট ও সুদ মিলিয়ে প্রায় ৯ কোটি ৬৪ লাখ টাকা দাবি করা হয়েছে। এ ছাড়া ক্রয়ের হিসাবেও গরমিল শনাক্ত করেছে নিরীক্ষা দল।
প্রতিবেদন অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে ৫ কোটি ২০ লাখ ১৬ হাজার ২৫০ টাকা এবং ২০২১-২২ অর্থবছরে ২৬ কোটি ৮৭ লাখ ৩৫ হাজার ৩৮৯ টাকার ক্রয়মূল্য কম দেখানো হয়েছে। এ-সংক্রান্ত ভ্যাট ও সুদ বাবদ দাবি করা হয়েছে প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা।
এ ছাড়া বিভিন্ন সেবা গ্রহণ ও ব্যয়ের বিপরীতে প্রযোজ্য উৎসে ভ্যাট কর্তন করে সরকারি কোষাগারে জমা না দেওয়ার অভিযোগ রয়েছে। এ খাতে সুদসহ আরও প্রায় ১ কোটি ৫৪ লাখ টাকা দাবি করা হয়েছে।
নথি সংগ্রহে জটিলতা, নিরীক্ষা শেষ করে মামলা
এনবিআর সূত্র জানায়, প্লাস্টিক পণ্য উৎপাদন ও বিক্রির ওপর প্রযোজ্য ভ্যাট পরিশোধ এবং সেবা গ্রহণের বিপরীতে উৎসে ভ্যাট জমা দেওয়ার বিষয়টি যাচাই করতে প্রতিষ্ঠানটির কার্যক্রম নিরীক্ষার উদ্যোগ নেওয়া হয়।
২০২৩ সালে ২০১৭-১৮ থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত কার্যক্রম নিরীক্ষার সিদ্ধান্ত নেয় ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর। ওই বছরের ১০ সেপ্টেম্বর কাঁচামাল কেনা, পণ্য বিক্রি ও ভ্যাট-সংক্রান্ত নথিপত্র চেয়ে প্রতিষ্ঠানটিকে চিঠি দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, প্রথম পর্যায়ে প্রয়োজনীয় নথি জমা দেওয়া হয়নি।
পরে প্রতিষ্ঠানটি জানায়, ২০১৯-২০ অর্থবছরের কার্যক্রম নিয়ে যশোর ভ্যাট কমিশনারেটে নিরীক্ষা চলছিল। পরবর্তী সময়ে কিছু নথি জমা দেওয়া হলেও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পাওয়া যায়নি বলে এনবিআর সূত্র জানায়।
চলতি বছরের ৩০ এপ্রিল সংশ্লিষ্ট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) ফার্মের কাছ থেকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সংগ্রহ করা হয়। এরপর প্রতিষ্ঠানের দেওয়া নথি ও ওই প্রতিবেদন পর্যালোচনা করে ২০২০-২১ ও ২০২১-২২ অর্থবছরের নিরীক্ষা সম্পন্ন করা হয়।
এনবিআর সূত্র জানায়, দাবিকৃত ভ্যাট আদায়ের জন্য দায়ের করা মামলার সংশ্লিষ্ট প্রতিবেদন সম্প্রতি যশোর ভ্যাট কমিশনারেটে পাঠানো হয়েছে।
অভিযোগ অস্বীকার প্রতিষ্ঠানের
ভ্যাট ফাঁকির অভিযোগ অস্বীকার করে তালুকদার প্লাস্টিকের ব্যবস্থাপক (ভ্যাট) মো. সালাহউদ্দিন বলেন, ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের নিরীক্ষায় যেসব বিষয় উঠে এসেছে, সেগুলোকে তারা ফাঁকি হিসেবে দেখছেন না। তাঁদের ব্যাখ্যা গ্রহণ করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জমা না দেওয়ার বিষয়ে তিনি দাবি করেন, প্রতিষ্ঠান থেকে প্রতিবেদন দেওয়া হয়েছিল।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো লিখিত বক্তব্যে বলা হয়, ২০০৯ সালে ব্যবসা শুরু হলেও একপর্যায়ে কার্যক্রম বন্ধ হয়ে যায়। প্রায় সাত বছর বন্ধ থাকার পর ব্যাংক থেকে প্রায় ৮১ কোটি টাকা ঋণ নিয়ে ২০২০ সালে পুনরায় উৎপাদন শুরু করা হয়।
প্রতিষ্ঠানটির দাবি, ২০১৯-২০ অর্থবছরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি দরপত্রে অংশ নেওয়ার জন্য ব্যাংকে প্রদর্শিত বড় অঙ্কের লেনদেন নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে বিক্রয় হিসেবে গণ্য করা হয়েছে। ফলে বিক্রয়ের হিসাব নিয়ে পার্থক্য তৈরি হয়েছে। বিভিন্ন খাতে উৎসে ভ্যাট অপরিশোধিত থাকার বিষয়ে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের হিসাবও সঠিক নয় বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
তালুকদার প্লাস্টিকের কারখানা যশোর সদর উপজেলার বানিয়ারগাতি, বসুন্দিয়ায়। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় রাজধানীর নিকুঞ্জে। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে তালুকদার গ্রুপের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম তালুকদারের সঙ্গে কয়েক দিন ধরে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ ও এনবিআরের নিরীক্ষায় নির্ধারিত দাবির বিষয়ে চূড়ান্ত নিষ্পত্তির তথ্য এখানে উল্লেখ নেই। প্রতিষ্ঠানটি অভিযোগ অস্বীকার করেছে।
The post তালুকদার প্লাস্টিকের বিরুদ্ধে ১৩ কোটি ৭৮ লাখ টাকার ভ্যাট ফাঁকির মামলা appeared first on বাংলাধারা.
